
বাংলাদেশ বেতারের ৮৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
দেশের সবচেয়ে পুরনো এবং ঐতিহ্যবাহী রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ বেতারের আজ ৮৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৩ উদ্যাপন এবং বাংলাদেশ বেতারের ৮৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বিকাল ৫টায় শের-ই-বাংলা নগরে বাংলাদেশ বেতার মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক রবীন্দ্র শ্রী বড়ুয়াসহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ বেতারের সকল স্তরের কর্মকর্তা, কর্মচারী, শিল্পী ও কলাকুশলীবৃন্দ।
১৯৩৯ সালের ১৬ই ডিসেম্বর বৃটিশ শাসনামলে বাংলাদেশ বেতারের যাত্রা শুরু হয় অল ইন্ডিয়া রেডিওর ঢাকা কেন্দ্র হিসেবে। নাম হয় ঢাকা ধ্বনি বিস্তার কেন্দ্র। নাজিমুদ্দিন রোডের যে ভবনে বর্তমানে শেখ বোরহানউদ্দিন কলেজ অবস্থিত, সেখানে ঢাকা ধ্বনি বিস্তার কেন্দ্রের সম্প্রচার স্টেশন স্থাপন করা হয়েছিল। পরে কেন্দ্রটি শাহবাগে স্থানান্তর করা হয়। পাকিস্তান আমলে এর নাম ছিল রেডিও পাকিস্তান। সুদীর্ঘ যাত্রাপথে ঐতিহ্যবাহী গণমাধ্যমটি দেখেছে বৃটিশদের ভারত ত্যাগ তথা ১৯৪৭ সালে দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে উপমহাদেশে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম, পাকিস্তানি শোষণ এবং বাঙালির মুক্তির সংগ্রাম ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নামে বাংলাদেশ বেতার মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করার মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।



