
ধর্ষণের দায়ে বিজেপি বিধায়কের ২৫ বছরের কারাদণ্ড
নাবালিকাকে ধর্ষণ করায় ভারতের উত্তর প্রদেশের এক বিজেপি বিধায়ককে ২৫ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিলেন আদালত। এর জেরে খারিজ হতে চলেছে রাজ্যের সোনভদ্র জেলার দুধি বিধানসভার বিধায়ক রামদুলারে গোন্দর বিধায়ক পদও। ৯ বছর আগে তাঁর বিরুদ্ধে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ নথিভুক্ত হয়েছিল। শুক্রবার লখনউয়ের এমপি-এমএলএ আদালত রামদুলারেকে ১০ লাখ রুপি জরিমানাও করেছেন।
২০১৪ সালে রামদুলারের স্ত্রী ছিলেন দুধি বিধানসভার অন্তর্গত একটি গ্রাম পঞ্চায়েতের প্রধান। পাশাপাশি রামদুলারে এলাকায় পরিচিত ছিলেন বাহুবলী হিসেবে। তিনি রাজনীতির বড় আঙিনায় প্রবেশের পরিকল্পনা করছিলেন। ২০১৪ সালের ৪ নভেম্বর তাঁর বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ দায়ের হয় মায়োরপুর থানায়। সেই মামলা এত দিন ধরে চলছিল।
গত বিধানসভা ভোটে ভাগ্য ফেরে রামদুলারের। তিনি বিজেপি প্রার্থী হিসেবে দুধি থেকে ভোটে লড়েন। তার পরই রামদুলারের মামলাটি নিম্ন আদালত থেকে স্থানান্তরিত হয়ে চলে যায় বিধায়ক-সংসদ সদস্য আদালতে।
মঙ্গলবার সেই আদালতই তাঁকে দোষী সাব্যস্ত করেন। এরপর শুক্রবার সাজা ঘোষণা হলো।
আদালতের রায়ের পর উত্তর প্রদেশের বিধায়কপদ হারাবেন রামদুলারে। যদিও তাতে সে রাজ্যের বিজেপি সরকারের সংকটে পড়ার কোনো সম্ভাবনাই নেই। ৪০৩ বিধায়কের উত্তর প্রদেশ বিধানসভায় বিজেপি একাই দখল করে আছে ২৫৪টি বিধায়কপদ।
ভারতের জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী, দুই বছর বা ততোধিক কারাদণ্ডে দণ্ডিত একজন আইন প্রণেতা দোষী সাব্যস্ত হওয়ার তারিখ থেকে অযোগ্য বলে বিবেচিত হবেন। পাশাপাশি সাজা ভোগ করার পরের ছয় বছরের জন্যও তিনি অযোগ্য থাকবেন।
এদিকে ভুক্তভোগীর পরিবার বলেছে, তাদের বিচার পেতে দীর্ঘ সময় লেগেছে। তবে তারা এ রায়ে খুশি। ভুক্তভোগীর ভাই বলেন, রামদুলারে গোন্দ তাঁকে এবং তাঁর পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য এক বছর ধরে হুমকি দিয়েছেন।
সূত্র: এনডিটিভি



