
বিয়ের মাধ্যমে চীনে পাচার হচ্ছে নেপালি তরুণীরা
গত মাসের শেষের দিকে দক্ষিণ নেপালে এক অস্বাভাবিক বিয়ের খবর ছড়িয়ে পড়ে। একটি সাধারণ বাড়িতে, ১৮ বছর বয়সী এক মেয়ের সাথে তার প্রায় দ্বিগুণ বয়সী এক চীনা নাগরিকের বিয়ে হয়। এই বিয়ে অবৈধ ছিল। নেপালে বিয়ের ন্যূনতম বয়স ২০ বছর এবং কনের বয়স কম হওয়ার কারণে স্থানীয়রা আপত্তি তোলে। ফলে পুলিশকে ডাকা হয় এবং বারা জেলায় অনুষ্ঠানটি দ্রুত বন্ধ করে দেওয়া হয়।
কিন্তু এই ঘটনাটি নেপালি তরুনীদের চীনা নাগরিকদের সাথে বিয়ে দেওয়ার মাধ্যমে পাচারের উপর আলোকপাত করে, যা প্রায়শই স্থানীয় দালাল এবং অনলাইন মধ্যস্থতাকারীদের একটি সিন্ডিকেটের মাধ্যমে পরিবারগুলিকে দারিদ্র্য থেকে মুক্তি দেয়ার প্রতিশ্রুতি দিয়ে আয়োজন করা হয়। ‘পরিবারকে বলা হয়েছিল যে তাদের মেয়ের বিয়ে হওয়ার পরে তারা চীনে যেতে পারে এবং তাদের আর অভাবের সাথে লড়াই করতে হবে না,’ ঘটনার সাথে পরিচিত শিশু সুরক্ষা কর্মকর্তা কাঞ্চন কৈরালা দিস উইক ইন এশিয়াকে বলেন। জানা গেছে, নেপালি নারীদের দীর্ঘদিন ধরে যৌনকর্মের জন্য ভারতে পাচার করা হচ্ছে। কিন্তু সস্তা স্মার্টফোনের উত্থান এবং অভিবাসন রুট সম্প্রসারিত হওয়ার সাথে সাথে, এই বাণিজ্য পতিতালয় থেকে আন্তঃসীমান্ত বিবাহে রূপান্তরিত হয়েছে যা মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং ক্রমবর্ধমানভাবে চীন জুড়ে বিস্তৃত। সূত্র : এসসিএমপি।



