
অতএব সবাই যখন উঠে দাঁড়াল
প্রত্যাবর্তনের আশায়,
তখন সন্ধ্যে নেমেছে!
অলীক স্বপ্ন আর বিবশতা নিয়ে,
নিশ্চল পাথরের মতো
স্থবির ভাবনারা।
আলস্যভরা চোখ দুটি উদাসীন
সুখকর কিছু যন্ত্রণা
আঁধারের গভীরতা মাপে।
ভাবনার কূল নেই, নেই যে কিনারা।
তোমাকে ভাবতে গিয়ে আলস্যে ভরে ওঠে মন।
নীরব-যন্ত্রণা জেগে ওঠে, যখন
ভোরের শিশিরভেজা পথ ধরে ফিরে গেছ-
সাথে নিয়ে কুয়াশার রামধনু রঙ।
জনান্তিকে কী দিয়ে বোঝাব?
এখানে অসংখ্য ঢেউ মায়ামৃগ স্বর্ণকমলিকা –
জীবনের পথ বদলে দেয়।
এইখানে তুমি আমি সে-ও নিরুপায়!



