
ভারত মাতা কি জয় বলা মানেই দেশপ্রেম নয়: উপরাষ্ট্রপতি
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: দেশের নাগরিকদের দেশপ্রেমের মানে বোঝালেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু৷ দেশপ্রেম মানে মুখে ‘ভারত মাতা কি জয়’ বুলি আওড়ানো নয়৷ তা স্পষ্ট করে দেন উপরাষ্ট্রপতি৷ পাশাপাশি দেশের যুব সমাজকে ধর্ম ও জাতপাতের নিরিখে মানুষের মধ্যে বিভাজন তৈরি না করার আবেদন জানান৷
রবিবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু বলেন, ‘‘দেশপ্রেম মানে ভারত মাতা কি জয় বলা নয়৷ সবার যাতে জয় হয় সেটাই দেশপ্রেম৷ কেউ যদি ধর্ম, জাত-পাত, শহর ও গ্রামের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করে তার মুখে ভারত মাতা কি জয় বলা শোভা পায় না৷’’
জাতপাত ও ধর্ম নয়, তরুণ প্রজন্মকে দুর্নীতি, অশিক্ষা, দারিদ্রের বিরুদ্ধে লড়াই করে ‘নতুন ভারত’ তৈরির সংকল্প নিতে বলেন৷ উপরাষ্ট্রপতির কথায়, দেশের যুবসমাজের উচিত নতুন ভারত গঠনে উদ্যোগী হওয়া৷ যে ভারত হবে দুর্নীতি, অশিক্ষা, ভয় ও দারিদ্র মুক্ত৷ যেখানে জাতপাতের নামে বিভাজনের কোনও জায়গা থাকবে না৷ বেঙ্কাইয়া নাইডু বলেন, ‘‘মূল্যবোধ বিসর্জন দিলে চলবে না৷ কিন্তু নেতিবাচককে বর্জন করতে হবে৷ ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করতে হবে৷ শান্তি প্রিয় হয়ে ওঠো এবং স্নেহশীল হও৷’’ তাঁর আরও সংযোজন, সামাজিক কুপ্রথার বিরুদ্ধে লড়তে এগিয়ে আসতে হবে৷ কুসংষ্কারগুলিতে ভেঙে দিয়ে পুরুষ ও নারীর সমানাধিকার প্রতিষ্ঠা করতে হবে৷
ভারত এখন দ্রুততম আর্থিক বৃদ্ধির দেশ৷ গত কয়েক বছরে এই আর্থিক বৃদ্ধি ৭ শতাংশ বেড়ে গিয়েছে৷ পড়ুয়াদের তিনি বোঝান, এটাই সময় অর্থনৈতিক দিক থেকে ভারতকে আরও শক্তিশালী করা ও নতুন ভারত গঠন করা৷



