
ভারতে গরু জবাইয়ের অভিযোগে পিটিয়ে হত্যা
রূপসী বাংলা ডেস্ক:গরু জবাইয়ের অভিযোগে এক মুসলিম ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে ভারতের মধ্যপ্রদেশে। গত ১৭ মে ঘটনাটি ঘটে রাজ্যের সাতনা জেলায় আমগর গ্রামে।
পুলিশ জানিয়েছে, নিহতের নাম রিয়াজ (৪৫)। তার সঙ্গী শাকিলকেও বেধড়ক মারা হয়। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, শাকিল কোমায় চলে গিয়েছেন।
ঠিক কী হয়েছিল?
বৃহস্পতিবার রাতে বাড়ি ফিরছিলেন দুই গ্রামবাসী। সে সময় তারা দেখতে পান এক দল লোক একটি মৃত গরু নিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে স্থানীয়দের কাছে খবর পৌঁছে যায়। ঘটনাস্থলে গ্রামবাসীরা পৌঁছালে তাদের দেখে পালিয়ে যান বেশ কয়েকজন। তবে ধরা পড়ে যান রিয়াজ ও শাকিল। তারপরই শুরু হয় বেদম মার। অভিযোগ, রড, লাঠি, পাথর দিয়ে ওই দুজনকে এলোপাথারি মারা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় রিয়াজের। গুরুতর আহত হন শাকিল।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়েই ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছায়। আসেন পুলিশের শীর্ষ কর্মকর্তা এবং মহকুমা শাসক।
শীর্ষ পুলিশ কর্মকর্তা রাজেশ হিঙ্গানকার জানিয়েছেন, ঘটনাস্থল থেকে প্যাকেটভর্তি মাংস উদ্ধার হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
গরু জবাইয়ের অভিযোগে শাকিলের বিরুদ্ধে একটি মামলা রুজু করে পুলিশ। যদিও শাকিল ও রিয়াজের পরিবার গরু জবাইয়ের অভিযোগকে সম্পূর্ণ খারিজ করে দেয়।



