
যুক্তরাষ্ট্র-ইরান সংলাপে ভূমিকা রাখতে দৃঢ় পাকিস্তান
ইরান ও যুক্তরাষ্ট্র যাতে তাদের আলোচনা চালিয়ে যায়, তা নিশ্চিত করার প্রচেষ্টা থেকে পাকিস্তান পিছু হটছে না। পাকিস্তানের অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব অ্যাসোসিয়েটেড প্রেসকে এ কথা জানিয়েছেন।
মঙ্গলবার এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে আওরঙ্গজেব বলেন, ‘আমাদের নেতৃত্ব হাল ছাড়ছে না।’ আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্বব্যাংকের বৈঠকের ফাঁকে তিনি আরো বলেন, ‘আমরা এই সংলাপ চালিয়ে যেতে পারি কি না, তা দেখতে খুবই আগ্রহী।
’ আওরঙ্গজেব উল্লেখ করেন, ‘আমরা চেষ্টা চালিয়ে যাব এবং আমাদের নেতৃত্বও চেষ্টা করছে।’
ধারণা করা হচ্ছে, প্রথম শান্তি আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হওয়ার পর যুদ্ধ শেষ করার আলোচনা পুনরায় শুরু করতে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচকদল কয়েক দিনের মধ্যেই পাকিস্তানে ফিরতে পারে। এখনো কোনো তারিখ নির্ধারণ করা হয়নি এবং আনুষ্ঠানিকভাবে কোনো স্থান নিয়েও সমঝোতা হয়নি।
তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইরান যুদ্ধ শেষ করার আলোচনা আগামী দুই দিনের মধ্যে পাকিস্তানে পুনরায় শুরু হতে পারে।



