আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ইসরাইলপন্থি বিক্ষোভে পেট্রোল বোমা নিক্ষেপ, আহত ৬

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে ইসরাইলপন্থি বিক্ষোভকারীদের ওপর পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় কমপক্ষে ছয়জন আহত হয়েছেন। রোববার (১ জুন) তারা ফিলিস্তিনের গাজায় আটক ইসরাইলি জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভ করছিলেন।

এ ঘটনাকে ‘পরিকল্পিত সন্ত্রাসী হামলা’ আখ্যা দিয়ে তদন্ত শুরুর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা-এফবিআই। খবর রয়টার্সের।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্টে এফবিআই প্রধান ক্যাশ প্যাটেল বলেন, ‘আমরা কলোরাডোর বোল্ডারে একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলার বিষয়ে অবগত এবং ঘটনাটির আদ্যোপান্ত তদন্ত করে দেখছি।’

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, গাজায় আটক ইসরাইলি জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভরত একদল লোকের দিকে ঘরোয়াভাবে তৈরি মলোটভ ককটেল (পেট্রোল বোমা) সদৃশ কিছু ছুড়ে মারেন এক ব্যক্তি।

বিক্ষোভকারীদের ওপর এটি সন্ত্রাসী হামলা ছিল কি না— এমন প্রশ্নের জবাবে বোল্ডার পুলিশপ্রধান স্টিভ রেডফার্ন এ ঘটনার পেছনে উদ্দেশ্য কী ছিল তা নিয়ে আগ বাড়িয়ে মন্তব্য করতে রাজি হননি। স্থানীয় সময় দুপুর দেড়টার কিছু আগে হামলার ঘটনাটি ঘটে।

একটি ভিডিওতে দেখা যায়, গায়ে জামা (শার্ট) না থাকা এক ব্যক্তি দুই হাতে স্বচ্ছ স্প্রে বোতল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আর তার সামনে ঘাসে আগুন জ্বলছে।

ভিডিওতে ওই ব্যক্তিকে চিৎকার করে বলতে শোনা যায়, ‘জায়নবাদীরা নিপাত যাক’, ‘ফিলিস্তিন মুক্ত করো’, ‘তারা খুনি’। লাল টি-শার্ট পরা কয়েকজনের দিকে তাকিয়ে তিনি কথাগুলো বলছিলেন, যারা মাটিতে পড়ে থাকা একজনের শুশ্রূষা করছিলেন।

খবর পেয়ে পুলিশ দ্রুততম সময়ে ঘটনাস্থলে পৌঁছায় বলে জানান বোল্ডার পুলিশপ্রধান স্টিভ রেডফার্ন। তিনি বলেন, ‘আমরা সেখানে পৌঁছানোর পর একাধিক আহত ব্যক্তিকে দেখতে পাই, যাদের শরীরে আগুনে পোড়া ও অন্যান্য ধরনের জখমের চিহ্ন ছিল।’

স্টিভ রেডফার্ন বলেন, ঘটনাস্থলে পৌঁছেই পুলিশ তাৎক্ষণিক ওই সন্দেহভাজনের মুখোমুখি হয়। কোনো ধরনের ঝামেলা ছাড়াই তাকে আটক করা হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension