
তুহীন বিশ্বাস
অপেক্ষার প্রহর শেষে শেষ বিকেলে তুমি এলে
যখন আমি ক্লান্ত ভ্রান্ত হয়েছি নিরাশার খাতায়,
সবকিছু মানিয়ে নিয়েছি মেনে নেয়ার কৌশলে
মনের কথা রেখেছি ঝরে পড়া শুকনো পাতায়।
একটু পরে গোধূলি নামবে, ফুরিয়ে যাবে আলো
উবে গেছে হাসির ঝিলিক যন্ত্রণার দগ্ধ আগুনে,
স্মৃতিগুলো থেকে হারিয়ে গেছে যা-কিছু ভালো
তবুও গুচ্ছ শিমুল নিয়ে এসো আগামী ফাগুনে।



