
টিটো মোস্তাফিজ
বিছানায় কথা বলা সবচেয়ে সহজ হবার কথা,
একসাথে শুয়ে থেকে পিছনে বা সামনে ভ্রমণ,
দুটো মানুষের সততার এক প্রতীক চিহ্ন।
অথচ আরও এবং আরও নিরব সময় পার,
বাইরে, বায়ু প্রবাহের অসমাপ্ত অস্থিরতা
আকাশে মেঘের উৎপত্তি ও বিদায় ঘটায়
আর দিগন্তে বড় হতে থাকে আঁধারপুর।
আমাদের ভাল-মন্দে
এদের কারো কিচ্ছুটি যায় আসে না।
কেউই বলে দিতে পারে না কেন
বিচ্ছিন্নতার এই অতুলন দূরত্বের মাঝে
সত্য এবং আন্তরিক বাক্যের শব্দ
কিংবা
অসত্য নয় আর নির্দয় নয় এমন কথা
খুঁজে পাওয়া আরও কঠিন হয়ে ওঠে।
কবি ফিলিপ লারকিন-এর ‘টকিং ইন বেড’ অবলম্বনে।



