
বাবু হক
স্মৃতির মেঘেরা অকস্মাৎ পেয়েছে ডানা
দূরালাপনিতে শুনি প্রিয় কণ্ঠস্বর
বিষাদ বৃক্ষের শাখায় উঁকি দেয় ভোরের ফুল।
নিস্তরঙ্গ জীবন বিকেলের পথ মাড়িয়ে
গোধূলির অভিমুখিন
নীড়গামী বকের দেহচ্যূত পালক
আমার শরীরে ছড়িয়ে দেয় সফেদ অনুভূতি।
ওপার থেকে জলজ কণ্ঠে ভেসে আসে—
রেখে দেব!
শব্দে বলা-ই কি সব!
নীরবতার ভিতরেও তো সরব থাকে
হাজার কবিতার বিষাদিত পঙ্কতিমালা।
এই যে তোমার জলে ভেজা নিঃশ্বাস
সেও তো করে যায় কত ভুলশুদ্ধের জীবন আলাপন।
গোধূলির সীমানা পেরিয়ে
অনন্ত রাত্রির নিঃসঙ্গতায় তোমার নিঃশ্বাস না হয়
সঙ্গী হয়ে থাকুক আমার নৈশব্দে একাকিত্বে।



