
সাংবাদিক ফিরোজ আখতারকে গুলি করে খুনের চেষ্টা
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: প্রকাশ্যে গুলি করা হল এক সাংবাদিককে। ঘটনাটি ঘটেছে বিহারের মুজফফরপুর জেলার ঔরাই এলাকায়।
গুলিবিদ্ধ ওই সাংবাদিকের নাম ফিরোজ আখতার। শুক্রবার সন্ধ্যার দিকে তাঁর প্রকাশ্য রাস্তায় তাঁর উপরে চড়াও হয় দুষ্কৃতিরা। তাঁকে গাউলি করে তাঁর বাইক, মোবাইল এবং সঙ্গে থাকা নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতিরা।
গুলিবিদ্ধ ওই সাংবাদিককে গুরুতর জখম অবস্থায় স্থানীয় এক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে মুজফফরপুর জেলার ঔরাইয়ের পাকরি চক এলাকায় সাংবাদিকের উপরে হামলার ঘটনা ঘটেছে। জায়গাটি সিয়াইপাত্তি থানা এলাকার মধ্যে। শুরু হয়েছে তদন্ত। দুষ্কৃতী দলে ঠিক কতজন ছিল তা নিয়ে সন্দিহান পুলিশ।মুজফফরপুর জেলায় গুলি করে খুন বা খুনের চেষ্টা নতুন কিছু নয়। গত সপ্তাহেই এই ধরনের ঘটনার সাক্ষী থেকেছে ওই জেলা। চলতি মাসের ১০ তারিখে বাইজু প্রসাদ গুপ্তা নেমের এক বিজেপি নেতাকে গুলি করে খুন করা হয়। সেই ঘটনার রেশ না কাটতেই ফের গুলিবিদ্ধ হতে হল এক সাংবাদিককে। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনায় প্রশ্ন তুলে দিচ্ছে সমগ্র জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি।



