
সেলিনা হোসেন: সাহিত্যের দীপ্ত বাতিঘর
১৪ জুন, কথাসাহিত্যিক সেলিনা হোসেনের জন্মদিন। তাঁর জন্মদিন আমাদের কাছে শুধুই একটি তারিখ নয়—এটি বাংলা সাহিত্যের বিবেক, মানবতা, ও নারীর সংগ্রামের ইতিহাসকে স্মরণ করার একটি দিন। তাঁর জীবনের প্রতিটি অধ্যায়, তাঁর প্রতিটি লেখার শব্দ যেন এক একটি আলোকরেখা, যা আমাদের পথ দেখায়, ভাবায়, জাগায়।
সেলিনা হোসেনের সাহিত্য মানেই ইতিহাসের গভীর পাঠ। তিনি এমন একজন লেখক, যিনি কখনোই কল্পনার আড়ালে বাস্তবকে ঢেকে রাখেননি। তিনি যেভাবে নারীর আত্মপরিচয়, রাষ্ট্রের রাজনৈতিক বাস্তবতা এবং মুক্তিযুদ্ধের অন্তরসত্ত্বা তাঁর উপন্যাসে তুলে ধরেছেন, তা বাংলা কথাসাহিত্যে এক অনন্য সংযোজন।
১৯৭২ সালে তাঁর প্রথম উপন্যাস ‘জলময় দিনের গল্প’ প্রকাশিত হয়। এরপর একে একে তিনি বাংলা সাহিত্যে উপহার দিয়েছেন হাঙর নদী গ্রেনেড, পোকা মাকড়ের ঘর বসতি, গাভী বিতান, আধা নারী আধা ইশ্বর—এর মতো শক্তিশালী ও সমাজসচেতন সাহিত্যকর্ম। বিশেষ করে ‘হাঙর নদী গ্রেনেড’ উপন্যাসে তিনি যুদ্ধ, মৃত্যু ও প্রতিরোধের অনুপম চিত্র এঁকেছেন, যেখানে একটি শিশুর আত্মত্যাগ হয়ে উঠেছে প্রতিরোধের প্রতীক। এই উপন্যাস যেন আমাদের জাতীয় চেতনার এক রক্তাক্ত অথচ গর্বিত দলিল।
সেলিনা হোসেন শুধু সাহিত্যিক নন, তিনি একজন চিন্তক। তাঁর কলমে প্রতিফলিত হয় ন্যায়ের পক্ষে দাঁড়াবার অদম্য সাহস। তিনি রাষ্ট্রীয় এবং সমাজিক কাঠামো বিশ্লেষণ করেছেন একজন লেখকের দৃষ্টিকোণ থেকে—যেখানে নারীর স্থান, প্রান্তিক মানুষের দুর্দশা ও রাষ্ট্রের দ্বিচারিতা বারবার প্রশ্নবিদ্ধ হয়েছে তাঁর সৃষ্টিকর্মে।
আমাদের পত্রিকা “অনুস্বর”-এর পরম সৌভাগ্য, এই আলোকিত মানুষটি আমাদের সম্মানিত উপদেষ্টা। তাঁর মতামত, দৃষ্টিভঙ্গি ও দিকনির্দেশনা আমাদের পথচলাকে করেছে সমৃদ্ধ, পরিশীলিত ও সাহসী। তাঁর স্নেহ, তাঁর ভাষা, এবং তাঁর মৃদু অথচ দৃঢ় উপস্থিতি আমাদের লেখালেখির জগতে এনে দেয় আশ্বাস ও আশ্রয়।
আজ তাঁর জন্মদিনে আমরা শুধুমাত্র তাঁকে শুভেচ্ছা জানাই না, আমরা তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করি। তাঁর সৃষ্টিশীলতা, মানবিকতা ও সাহিত্যিক দীপ্তি আমাদের আগামী পথকে করবে আরও আলোকোজ্জ্বল।
শুভ জন্মদিন, সেলিনা আপা। আপনি বেঁচে থাকুন হাজার বছর। লিখে চলুন আমাদের হয়ে, আমাদের জন্য।
আপনার অনুস্বর পরিবারের পক্ষ থেকে ভালোবাসা ও শ্রদ্ধা। একজন পাঠক, একজন অনুসরণকারী, সেলিনা হোসেনের দীপ্ত আলোতে জেগে ওঠা এক কলমধারী।



