
২ হাজার কোটি ডলার সংগ্রহের পথে মাস্কের এক্সএআই?
প্রাথমিক পরিকল্পনার চেয়েও বেশি, প্রায় ২ হাজার কোটি ডলার অর্থ সংগ্রহের দ্বারপ্রান্তে পৌঁছেছে ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কোম্পানি এক্সএআই– এমনই উঠে এসেছে মার্কিন বাণিজ্য প্রকাশনার প্রতিবেদনে।
ব্লুমবার্গের প্রতিবেদন অনুসারে, এ অর্থ সংগ্রহের বড় এক অংশ মার্কিন চিপ নির্মাতা এনভিডিয়ার তৈরি চিপ বা হার্ডওয়্যার প্রযুক্তির সঙ্গে সম্পর্কিত, যা এক্সএআইয়ের চলমান অর্থ সংগ্রহের পরিমাণকে ২ হাজার কোটি ডলার পর্যন্ত নিয়ে যাবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ব্লুমবার্গ প্রতিবেদনে লিখেছে, এ চুক্তির ইকুইটি বা শেয়ারভিত্তিক অংশে প্রায় দুইশো কোটি ডলার পর্যন্ত বিনিয়োগ করছে এনভিডিয়া। এই অর্থায়নে ইকুইটি ও ঋণ– এ দুই ধরনের বিনিয়োগই থাকবে। আর এ চুক্তির বিষয়টি এক্সএআইয়ের ডেটা সেন্টার ‘কলোসাস ২’তে ব্যবহারের জন্য পরিকল্পিত এনভিডিয়ার গ্রাফিক্স প্রসেসিং ইউনিট বা জিপিইউ-এর সঙ্গে সম্পর্কিত।
এক্ষেত্রে এক্সএআইয়ের অর্থায়ন দুটি ভাগে ভাগ হবে, যেখানে ইকুইটি বা শেয়ারভিত্তিক বিনিয়োগ হবে প্রায় সাতশ ৫০ কোটি ডলার ও সর্বোচ্চ ঋণ হবে এক হাজার দুইশো ৫০ কোটি ডলার।
এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি এনভিডিয়া, এবং এক্সএআইয়ের পক্ষ থেকেও কোনো মন্তব্য মেলেনি।
এর আগে, সেপ্টেম্বরে আমেরিকান সংবাদ মাধ্যম সিএনবিসি এক প্রতিবেদনে লিখেছিল, ২০ হাজার কোটি ডলারের মূল্যায়নে ১ হাজার কোটি ডলার তহবিল সংগ্রহ করছে এক্সএআই।
তবে ওই সময় এ তথ্য অস্বীকার করে মাস্ক বলেছিলেন, “এক্সএআই অবশ্যই আগামী কয়েক মাসে মূলধন সংগ্রহ করবে, তবে তা এখনই নয়।”



