
শাহীন সুলতানা
বিষাদের জল ফুঁড়ে বিকশিত পদ্মের মতো
একটি দিনলিপি জেগে উঠুক মনের মুকুরে,
সেখানে লেখা থাক– একটি বিনীত প্রার্থনা।
প্রার্থনায় বলা হোক– হে জগতের অধিপতি,
যুদ্ধ ও ধ্বংস থেকে পৃথিবীকে পরিত্রাণ দাও!
আগুন নিভিয়ে জাগিয়ে দাও শান্ত জলের
প্রস্রবণ।
ক্ষত ঢেকে চোখ দেখুক শান্তি ও সৌন্দর্যের
বসন্তভূমি; স্বার্থপরতার রাস্তা এড়িয়ে নিঃস্বার্থ
আলোকবর্তিকা ছুঁতে চাওয়ার আকাঙ্ক্ষা
হোক মানুষের মনে।
খরতাপ মুছে নেমে আসুক শীতল ঝরণাধারা।
মেঘ সরে সূর্য হাসুক; বিষন্ন শহরে বেজে উঠুক
সুখের সাইরেন।
বসন্তে ভাসুক পৃথিবী; মুছে যাক হিংসার পাঠ।
সমস্ত ক্ষুদ্রতা মুছে শুরু হোক জীবনের উৎসব।



