
একুশে বইমেলার অপেক্ষার প্রহর
দরজায় কড়া নাড়ছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা। ঢাকার বাংলাবাজারের বইপাড়া সারাবছরই ব্যস্ত থাকে, কিন্তু বইমেলাকে কেন্দ্র করে এখানকার ছাপাখানা ও বাঁধাইখানাগুলোতে ব্যস্ততা কয়েক গুণ বেড়ে যায়। দিন-রাত বই বাঁধাইয়ের কাজ করছেন বইয়ের সঙ্গে সংশ্লিষ্ট মানুষেরা। এবারের মেলায় প্রকাশিতব্য বেশির ভাগ নতুন বইয়ের ছাপার কাজ শেষ। এখন চলছে বই বাঁধাইয়ের কাজ। কাজের চাপ বেশি থাকায় ছুটির দিনেও বই বাঁধাইয়ের কাজে ব্যস্ত শ্রমিকেরা।
একুশে বইমেলাকে ঘিরে কর্মব্যস্ত দিন পার করছে ছাপাখানা পাড়ার কারিগররা। পাঠকদের আকর্ষণে কারিগরদের পাশাপাশি ব্যস্ততা বেড়েছে প্রকাশকদেরও। আসছে বই মেলায় নিরাপত্তার পাশাপাশি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে বিগত কয়েক বছরের ক্ষতি পুষিয়ে নেয়া সম্ভব বলে আশাবাদ প্রকাশকদের। যেন আর বিরতি নেই ছাপাখানার। অমর একুশে গ্রন্থমেলার বই ছাপাতে বাংলাবাজারের ছাপাখানাগুলোতে নির্ঘুম সময় কাটাচ্ছেন কারিগররা। তবে পরিশ্রম বাড়লেও অতিরিক্ত কর্মঘণ্টায় বাড়তি আয়ের আশায় আনন্দেরও যেন কমতি নেই তাদের।
শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রচ্ছদ কর্মীরাও। পাঠকদের আকর্ষণ করতে বাহারি রঙ দিয়ে তৈরি করছেন মনের মাধুরী মেশানো প্রচ্ছদ। অন্যদিকে বই বাঁধাইকারীরা হাত চালাচ্ছেন স্বাভাবিক সময়ের থেকেও দ্রুত গতিতে। তবে প্রকাশকরা বেশি বিবেচনায় আনছেন নিরাপত্তার বিষয়টি। রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে বিগত বছরগুলোর ক্ষতি পুষিয়ে নিবেন বলেও আশা করছেন তারা। প্রস্তুতকৃত বইগুলো ইতোমধ্যেই সাজিয়ে রাখা হচ্ছে প্রকাশনীর দোকানগুলোতে। আসন্ন প্রাণের বইমেলায় নতুন বইয়ের সৌরভ পেতে পাঠকদের পাশাপাশি অপেক্ষার প্রহর গুনছেন তাই লেখক প্রকাশকরাও।



