অর্থনীতি ও বাণিজ্যপ্রধান খবর

করোনায় পোল্ট্রি শিল্পে ক্ষতির পরিমাণ দাঁড়াবে ১ হাজার ৬৫৩ কোটি টাকা

পোল্ট্রি ও ফিশ ফিডের উৎপাদন প্রায় ৭০-৭৫ শতাংশ হ্রাস পেয়েছে। একদিন বয়সী মুরগির বাচ্চা দাম মাত্র ১ টাকায় নেমে এসেছে, যেখানে উৎপাদন খরচ প্রায় ৩৫ টাকা।

করোনার প্রভাবে পোল্ট্রি শিল্পে ১১৫০ কোটি টাকা ক্ষতি হয়েছে। পোল্ট্রি পণ্য বাজারজাত করতে না পারায় এমন ক্ষতির সম্মুখীন হয়েছে এ খাত।
 
পাশাপাশি দেশের একমাত্র পিআরটিসি ল্যাব বন্ধ থাকায় বন্দর থেকে ছাড় করানো যাচ্ছে না পোল্ট্রি শিল্পে ব্যবহৃত কাঁচামাল। এ অবস্থা চলতে থাকলে থমকে যেতে পারে দেশীয় পোল্ট্রি শিল্প।
 
এমন আশঙ্কার কথা তুলে ধরেছে পোল্ট্রি শিল্পের কেন্দ্রীয় সংগঠন বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি)।
 
বিপিআইসিসি সূত্র জানায়, এ পর্যন্ত ব্রিডার্স ইন্ডাস্ট্রি খাতে ৪৫৮ কোটি টাকা, ফিড ইন্ডাস্ট্রিতে ৭৫ কোটি টাকা, বাণিজ্যিক পোল্ট্রি (ডিম ও মাংস) খাতে ৫০৩ কোটি টাকা, প্রসেসড ইন্ডাস্ট্রি খাতে ৩১ কোটি টাকা ও ওষুধ মিনারেল প্রিমিক্সসহ অন্যান্য খাতে ক্ষতির পরিমাণ হচ্ছে ৮৩ কোটি টাকা।
 
পোল্ট্রি শিল্পকে ঘুরে দাঁড়াতে বিপিআইসিসির পক্ষ থেকে সরকারের কাছে ৬ দফা দাবি জানানো হয়েছে।
 
এরমধ্যে ব্যাংকের সুদ আগামী ৬ মাসের জন্য এবং পোর্ট ডেমারেজ পুরোপুরি মওকুফ, সরকার কর্তৃক ঘোষিত খাদ্য সহায়তার অংশহিসেবে ডিম ও মুরগির মাংস বিতরণ, ৩০ শতাংশ আর্থিক প্রণোদনা প্রদান ও করোনাভাইরাস (কোভিড-১৯) বিষয়ক সচেতনতার অংশহিসেবে সরকারি এবং বেসরকারি গণমাধ্যমে ডিম, দুধ, মাছ, মাংসের ইতিবাচক প্রচারণা চালানো।
 
যেন এ ধরনের পুষ্টিকর ও প্রোটিন জাতীয় খাদ্য শরীরের রোগ প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি করে এবং সংক্রমণ প্রতিরোধেও কার্যকর।
 
এ প্রসঙ্গে বিপিআইসিসির সভাপতি মসিউর রহমান বলেন, করোনা সতর্কতায় লকডাউনের কারণে পাইকারি থেকে খুচরা বাজার-হাটে ক্রেতা কমেছে। চাল-ডালসহ অন্য সব পণ্যের দাম বাড়লেও ব্যাপক হারে কমেছে ব্রয়লার মুরগি, একদিন বয়সী বাচ্চা ও ডিমের দাম।
 
তিনি বলেন, পোল্ট্রি ও ফিশ ফিডের উৎপাদন প্রায় ৭০-৭৫ শতাংশ হ্রাস পেয়েছে। একদিন বয়সী মুরগির বাচ্চা দাম মাত্র ১ টাকায় নেমে এসেছে, যেখানে উৎপাদন খরচ প্রায় ৩৫ টাকা। এ ছাড়া এ শিল্পে প্রক্রিয়াজাত পণ্যের বিক্রি ৯৫ শতাংশ হ্রাস পেয়েছে। সব মিলে ভয়াবহ ধ্বস নেমেছে।
 
এ প্রসঙ্গে ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (বিএবি) সভাপতি রকিবুর রহমান টুটুল বলেন, পোল্ট্রি শিল্পখাত ৪ এপ্রিলের পর আর এক সপ্তাহ লকডাউন বাড়লে মোট আর্থিক ক্ষয়-ক্ষতির পরিমাণ ১ হাজার ৬৫৩ কোটি টাকা দাঁড়াবে। ♦
 
 
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension