প্রধান খবরবাংলাদেশ

তাপপ্রবাহ শেষে ভারি বৃষ্টির কবলে পড়ছে দেশ, বন্যার শঙ্কা

দীর্ঘ তাপপ্রবাহের পর দেশে স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দিলেও তা উত্তর-পূর্বাঞ্চলের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার (২৭ এপ্রিল) থেকে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত টানা ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে, এতে সিলেট বিভাগ ও ময়মনসিংহ বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

আবহাওয়া অফিস জানায়, ২০ এপ্রিল থেকে শুরু হওয়া মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ ইতোমধ্যে কমতে শুরু করেছে। চলতি মৌসুমে রাজশাহীতে সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

সিনিয়র আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, সন্ধ্যা থেকে পরবর্তী কয়েকদিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বজ্রমেঘের ঘনঘটা বাড়বে। পরবর্তীতে ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগেও এর বিস্তার ঘটবে। এ সময় ভারি বৃষ্টি, কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, মেঘালয় ও সংলগ্ন ভারতীয় সীমান্তে ভারি বৃষ্টির কারণে উজানের ঢল বাড়তে পারে। এতে সারিগোয়াইন, যাদুকাটা, মনু, খোয়াই ও কংস নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমা অতিক্রম করতে পারে। ফলে সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় আকস্মিক বন্যার উচ্চঝুঁকি তৈরি হয়েছে।

কেন্দ্রের প্রকৌশলী পার্থ প্রতীম বড়ুয়া জানান, উজানের ভারি বৃষ্টির কারণে হাওর অঞ্চলে দ্রুত পানি প্রবেশ করতে পারে এবং নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

এ পরিস্থিতিতে পানি উন্নয়ন বোর্ড হাওর অঞ্চলের কৃষকদের আগাম ধান কেটে ফেলার পরামর্শ দিয়েছে, যাতে সম্ভাব্য ক্ষতি কমানো যায়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension