
কুইন্সে $2.45 মিলিয়নের বাড়ি নিলামে!
জাল নোট চক্রের সম্পত্তি—প্রাথমিক দর মাত্র $৯ লাখ
শাহ্ জে. চৌধুরী :
কুইন্সের ফরেস্ট হিলসে প্রায় $2.45 মিলিয়ন মূল্যের একটি বাড়ি এবার উঠছে ফেডারেল সরকারের নিলামে। আন্তর্জাতিক জাল মার্কিন মুদ্রা চক্রের সঙ্গে যুক্ত এই সম্পত্তির প্রাথমিক দর নির্ধারণ করা হয়েছে মাত্র $900,000।
110-37 69th Ave., Forest Hills-এর এই পাঁচ বেডরুমের বাড়িটি একসময় এডুয়ার্ড ও আরকাডিয়ি ব্যাংগিয়েভ নামে দুই ভাইয়ের মালিকানায় ছিল। ফেডারেল মামলায় তারা আন্তর্জাতিকভাবে জাল মার্কিন ডলার তৈরি ও পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত হন।
ফেডারেল প্রসিকিউটরদের তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট চক্রটি বিপুল পরিমাণ জাল মার্কিন মুদ্রা তৈরি করে বিভিন্ন পণ্যের চালানের মাধ্যমে যুক্তরাষ্ট্রে পাচার করত। তদন্তে এই চক্রের সঙ্গে দশ কোটি ডলারের কাছাকাছি জাল মুদ্রার লেনদেন ও পাচারের তথ্য উঠে আসে।
২০১৫ সালে দুই ভাই ফেডারেল অভিযোগে দোষ স্বীকার করেন। আদালতের আদেশ অনুযায়ী, তাদের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়। দীর্ঘ আইনি লড়াইয়ের পর ফেডারেল সরকার বাড়িটির মালিকানার বড় অংশ নিজেদের নিয়ন্ত্রণে নেয়।
এখন সেই সম্পত্তিই উঠছে সরকারি নিলামে। প্রাথমিক দর $900,000, আর নিলামে অংশ নিতে প্রয়োজন হবে $150,000 ডিপোজিট।
ফেডারেল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সম্ভাব্য ক্রেতাদের জন্য বাড়িটি পরিদর্শনের সুযোগ রাখা হয়েছে। অনলাইন নিলাম অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর ২০২৬।
কুইন্সের আবাসিক বাজারে প্রায় $2.45 মিলিয়ন মূল্যমানের একটি বাড়ি মাত্র $900,000 থেকে নিলামে ওঠার ঘটনা ইতোমধ্যে স্থানীয় রিয়েল এস্টেট মহলে আগ্রহ তৈরি করেছে।
একসময় যে সম্পত্তির মালিকদের নাম উঠে এসেছিল আন্তর্জাতিক জাল নোটের মামলায়, সেই বাড়িই এখন ফেডারেল নিলামে—প্রাথমিক দর বাজারমূল্যের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।



