
ক্ষমতায় এলে নতুন ব্যবসা শুরুতে সুযোগ সুবিধার প্রতিশ্রুতি রাহুলের
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: শুধু কৃষকদের মন জয় করলেই চলবে না ক্ষমতায় আসতে হলে নয়া উদ্যোগী তরুন প্রজন্মের সমর্থন যে লাগবে তা বুঝতে পারছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ তাই একেবারে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্টাইলেই যেন প্রতিশ্রুতি দিয়ে চলেছেন৷
প্রথমে কৃষকদের কথা মাথায় রেখে আর্থিক সাহায্যের প্রকল্প ন্যায়-এর কথা বলেছেন রাহুল তেমনই আবার তরুণ প্রজন্মকে কাছে টানতে জানিয়ে দিলেন, ক্ষমতায় আসলে নতুন ব্যবসা শুরু বা স্টার্ট-আপ- এর জন্য বেশ কিছু সুযোগ-সুবিধার দেওয়া হবে। অর্থাৎ ন্যায় প্রকল্প যেমন মোদীর কৃষকদের জন্য আর্থিক সাহায্যকে চ্যালেঞ্জ জানাতে তেমন এটি হল নমোর স্টার্ট আপ ইন্ডিয়ার প্রতি রাগার চ্যালেঞ্জ বলেই মনে করছে বিভিন্নমহল।
রাহুল এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ক্ষমতায় এলে অগ্রাধিকার দেওয়া হবে দেশীয় শিল্পের উন্নতিতে এবং অর্থনীতিকে চাঙ্গা করতে নতুন ব্যবসার ক্ষেত্রে লাল ফিতের ফাঁস মুক্ত করা হবে। সেজন্য সহজে ব্যাংক ঋণ এবং অ্যাঞ্জেল কর তুলে দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। স্টার্ট-আপের ক্ষেত্রে প্রথম তিন বছরে কোনও অনুমোদন প্রয়োজন হবে না।
এমনিতে মোদীর নোটবন্দি এবং তাড়াহুড়ো করে জিএসটি চালুর জেরে দেশজুড়ে বেশ কিছু ব্যবসায় তালা ঝুলেছে। ফলস্বরুপ বহু মানুষ বেকার হয়েছেন। এদিনে রাহুলের প্রতিশ্রুতি উদ্দেশ্য সেই ক্ষোভকে আরও জ্বালিয়ে দেওয়া তা বলার অপেক্ষা রাখে না বলেই মনে করা হচ্ছে।



