আন্তর্জাতিক

চুরির অভিযোগে পদত্যাগ করলেন নিউজিল্যান্ডের এমপি

বিভিন্ন দোকান থেকে পণ্য চুরির গুরুতর অভিযোগ ওঠার পর পদত্যাগ করেছেন নিউজিল্যান্ডের এক নারী এমপি। বর্তমানে এসব অভিযোগ তদন্ত করছে পুলিশ। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

গোলরিজ গাহরাহমান নামের এই নারী গ্রিন পার্টি থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, দুটি কাপড়ের দোকান থেকে তিন বার পণ্য চুরি করেছেন। অকল্যান্ড ও ওয়েলিংটনে এই কাণ্ড ঘটিয়েছেন তিনি। চুরির অভিযোগে অভিযুক্ত গোলরিজের নতুন একটি ভিডিও ভাইরাল হয়।

সিসিটিভির এই ভিডিওতে দেখা যায়, অকল্যান্ডের একটি বুটিক শপ থেকে একটি হাতব্যাগ চুরি করছেন তিনি। ভিডিওটি সামনে আসার পরই মঙ্গলবার তিনি পদত্যাগের ঘোষণা দেন। সদ্য পদত্যাগ করা এই নারী এমপি দাবি করেছেন, কাজের মানসিক চাপ থেকে তিনি ‘এমনটি করেছেন, যা তার নিজ চরিত্রের সঙ্গে সংশ্লিষ্ট নয়।’ তবে তার এই কাণ্ডে যারা কষ্ট পেয়েছেন, তাদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। তিনি আরো জানিয়েছেন, তার ব্যবহার এমন ছিল, যা একজন জনপ্রতিনিধির কাছ থেকে কেউ আশা করে না।

জাতিসংঘের মানবাধিকার সংস্থার সাবেক এই আইনজীবী ২০১৭ সালে এমপি নির্বাচিত হন। এর মাধ্যমে প্রথম কোনো শরণার্থী হিসেবে নিউজিল্যান্ডের সরকারে যোগ দিয়েছিলেন তিনি। গোলরিজ গাহরাহমানের জন্ম হয়েছিল ইরানে। তিনি যখন খুব ছোট ছিলেন, তখন বাবা-মায়ের সঙ্গে নিউজিল্যান্ডে চলে আসেন। এরপর দেশটিতে শরণার্থী হিসেবে আশ্রয় পায় তার পরিবার। পরে তারা দেশটির নাগরিকত্বও পান। সেবার এমপি হয়ে ইতিহাস গড়েছিলেন তিনি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension