
জম্মু-কাশ্মিরে দেড় বছর পর ইন্টারনেট চালু হলো
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে দীর্ঘ দেড় বছর পর ইন্টারনেট সেবা চালু হয়েছে।
শুক্রবার স্থানীয় সরকারের মুখপাত্র রোহিত কানসাল বলেন, পুরো জম্মু-কাশ্মিরে ফোর-জি মোবাইল ইন্টারনেট সার্ভিস পুনরায় চালু করা হয়েছে।
4G mobile internet services being restored in entire J&K @diprjk
— Rohit Kansal (@kansalrohit69) February 5, 2021
২০১৯ সালের আগস্টে ভারত সরকার মুসলিম অধ্যুষিত কাশ্মিরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার পর সেখানে ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়েছিল।
শুধু ইন্টারনেট নয় ফোনও বন্ধ করে সে সময় জম্মু-কাশ্মিরকে গোটা বিশ্ব থেকে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল।
জম্মু ও কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল করার পর অঞ্চলটির মোবাইল ফোন সংযোগ, ল্যান্ডফোন ও ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল।
৭২ দিন বন্ধ থাকার পর প্রথমে জম্মু-কাশ্মিরে ল্যান্ডফোন সংযোগ ও পোস্টপেইড মোবাইল সেবা চালু করা হয়।
গত বছরের পয়লা জানুয়ারি এসএমএস পরিষেবা চালু হয়। এর ২৫ দিন পর ২-জি ইন্টারনেট চালু করা হয়েছিল।
১৮ মাস পর ৪জি ইন্টারনেট চালুর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জাতীয় কনফারেন্সের নেতা তথা সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।❐
হিন্দুস্তান টাইমস



