যুক্তরাষ্ট্র

জেনসেন হুয়াংকে দ্বিতীয় সুযোগ দেওয়ার দাবি খোদ এনভিডিয়া কর্মীদের

ব্যক্তিগত জীবন, জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে তীব্র সমালোচনার মুখে পদত্যাগ করেছেন বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রেসিডেন্ট, প্রধান নির্বাহী এবং বোর্ড সদস্য জেনসেন হুয়াং। গত ৩৩ বছর ধরে প্রতিষ্ঠানটিকে নেতৃত্ব দিয়ে বিশ্বের অন্যতম মূল্যবান কোম্পানিতে পরিণত করেছিলেন তিনি। তার এই হঠাৎ পদত্যাগে এনভিডিয়ার ভেতরে যেমন অসন্তোষ তৈরি হয়েছে, তেমনি প্রযুক্তি দুনিয়ায় শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নিয়েছেন প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) কোলেট ক্রেস। তবে জেনসেনের এই বিদায় সহজভাবে মেনে নিতে পারছেন না কর্মীরা।

ওয়্যার্ড-এর একটি প্রতিবেদন অনুযায়ী, এনভিডিয়ার অভ্যন্তরীণ একটি ফোরামে কর্মীরা জেনসেন হুয়াংয়ের পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন। পদত্যাগের ঘোষণার আগেই একজন প্রবীণ প্রকৌশলী বোর্ডকে কর্মীদের মতামতকে গুরুত্ব দেওয়ার অনুরোধ জানান। ওই পোস্টে ইতোমধ্যেই ১,৬০০-এর বেশি মন্তব্য জমা পড়েছে।

একজন বেনামী কর্মী লিখেছেন, ‘আপনি যদি এই মিশনের ওপর বিশ্বাস রাখেন, তবে ‘প্রধান’কে ফিরিয়ে আনুন।’ আরেকজন কর্মী বলেন, ‘আমরা সবাই মানুষ এবং ভুল হতে পারে। জেনসেন অনেক ভালো কাজ করেছেন, তার একটি দ্বিতীয় সুযোগ পাওয়া উচিত।’

প্রতিষ্ঠানের ভেতরে স্বচ্ছতা দাবি করে একটি ইমেইলও পাঠিয়েছেন এক কর্মী। তিনি লিখেছেন, ‘আমি জেনসেনের পাশে আছি। মানুষ হিসেবে কেউ ভুলত্রুটির ঊর্ধ্বে নয়, তবে যার নেতৃত্ব আমাদের এত কিছু দিয়েছে, তার থেকে দূরে সরে যাওয়ার পক্ষপাতী আমি নই।’

এ ছাড়া প্রায় দুই ডজন কর্মী লিংকডইনে জেনসেনের সমর্থনে পোস্ট দিয়েছেন, যার বিপরীতে তার পদত্যাগকে সমর্থন করে কোনো পোস্ট দেখা যায়নি।

সিলিকন ভ্যালির শীর্ষ ব্যক্তিদের সমর্থন

এনভিডিয়ার কর্মীদের পাশাপাশি প্রযুক্তি খাতের প্রভাবশালী ব্যক্তিরাও জেনসেন হুয়াংয়ের পাশে দাঁড়িয়েছেন।

টেক ট্রিলিয়নেয়র ইলন মাস্ক এক্সে একটি পোস্টে জেনসেনের পদত্যাগকে স্টিভ জবসের অ্যাপল ছাড়ার ঘটনার সঙ্গে তুলনা করেন। মাস্ক মন্তব্য করেন, ‘সত্য কথা! প্রতিষ্ঠাতা বা বসদের চাইলেই সহজে হুট করে প্রতিস্থাপন করা যায় না।’

এর আগে মাস্ক জানিয়েছিলেন, জেনসেন হুয়াংকে নিয়োগ দিতে পারলে তিনি নিজেকে ‘সৌভাগ্যবান’ মনে করবেন।

এদিকে পারপ্লেক্সিটি-র সিইও অরবিন্দ শ্রীনিবাস এক্সে জেনসেনকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘অবিরাম উন্নতির মাধ্যমে আপনি একটি ছোট স্টার্টআপ-কে আমেরিকার সবচেয়ে মূল্যবান কোম্পানিতে রূপান্তর করেছেন।’

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেনসেনকে একজন ‘কিংবদন্তি’ হিসেবে অভিহিত করেছেন। ট্রুথ সোশ্যাল-এ ট্রাম্প লেখেন, অ্যাপলের সাবেক প্রধান নির্বাহী টিম কুক ছাড়া জেনসেনের এই শূন্যস্থান পূরণ করার মতো আর কেউ নেই।

ফোর্টনাইট নির্মাতা এপিক গেমসের সিইও টিম সুইনি জেনসেনের প্রস্থানকে ‘এনভিডিয়া, ডেভেলপার এবং সমগ্র মানবজাতির জন্য একটি দুঃখজনক দিন’ বলে উল্লেখ করেছেন।

জেনসেনের পদত্যাগের পেছনে ভূ-রাজনৈতিক কারণ থাকতে পারে বলেও সন্দেহ করছেন কেউ কেউ। আন্ডুরিল-এর প্রতিষ্ঠাতা পামার লাকি মন্তব্য করেন, ‘চীন জেনসেনকে বাইরে দেখতে চায়, তাই আমি তাকে ভেতরে দেখতে চাই।’ ওপেনক্ল বলের স্রষ্টা পিটার স্টেইনবার্গারও মনে করেন, এই ঘটনা আমেরিকান একটি সফল কোম্পানিকে অস্থিতিশীল করার সুপরিকল্পিত চক্রান্ত হতে পারে।

এদিকে, চীনের গোয়েন্দা সংস্থার (MSS) সঙ্গে সম্পৃক্ত সন্দেহে সন্দেহভাজন চীনা গুপ্তচর অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেনের সম্পর্ক নিয়ে তদন্ত করছে যুক্তরাষ্ট্র। অ্যালিস সহ-প্রতিষ্ঠিত সিঙ্গাপুরের মেগাস্পিড ইন্টারন্যাশনাল নামক একটি প্রতিষ্ঠান আলিবাবাসহ বিভিন্ন চীনা ক্লায়েন্টের কাছে প্রায় ৭.৫ বিলিয়ন ডলার মূল্যের এনভিডিয়া হার্ডওয়্যার কিনেছিল বলে জানা গেছে।

পাশাপাশি, এনভিডিয়ার হেলথ কেয়ার বিভাগের ভিপি কিম্বার্লি পাওয়েল এবং নাম প্রকাশে অনিচ্ছুক আরেক কর্মীর সঙ্গেও তার অন্তরঙ্গ সম্পর্কের অভিযোগ উঠেছে।

ক্ষমা প্রার্থনা ও বর্তমান পরিস্থিতি

পদত্যাগের পর জনসমক্ষে কোনো মন্তব্য না করলেও, এর আগে গত রোববার এক মেমোতে কর্মীদের কাছে নিজের আচরণের জন্য ক্ষমা চান জেনসেন হুয়াং। তিনি লেখেন, ‘আমি আমার স্ত্রীর প্রতি বিশ্বস্ত ছিলাম না। আমার কাজ তাকে এবং তার সন্তানদের আঘাত করেছে। আমার কৃতকর্মের কোনো অজুহাত নেই, আমি গভীরভাবে দুঃখিত।’ অবশ্য ওই মেমোতে তিনি অ্যালিস হুয়াংয়ের নাম উল্লেখ করেননি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension