
প্রধান খবরপ্রবাসযুক্তরাষ্ট্র
নিউ ইয়র্কে করোনায় আক্রান্ত সাবেক যুবলীগে নেতা ও মুক্তিযোদ্ধার মৃত্যু
৭৫ বছর বয়সী ইব্রাহিম খান সোমবার নিউ ইয়র্কে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি আগে থেকেই অ্যাজমায় আক্রান্ত ছিলেন।
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আওয়ামী যুবলীগের সাবেক নেতা ও মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার ইব্রাহিম খান।
সোমবার নিউ ইয়র্কে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি পরিবারসহ ব্রুকলিনে বসবাস করছিলেন।
১৯৭২ সালের ১১ নভেম্বর আওয়ামী যুবলীগের প্রথম সাত সদস্যের আহবায়ক কমিটির ইব্রাহিম খান ছিলেন অন্যতম। ওই কমিটির আহ্বায়ক ছিলেন যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি।
১৯৭৪ সালে যুবলীগের প্রথম কংগ্রেসে শেখ মনি চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন অ্যাডভোটেক সৈয়দ আহমেদ।
ইঞ্জিনিয়ার ইব্রাহিম খানের স্ত্রীর বড় ভাই চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও পাঠানটুলি বিএনপির সহসভাপতি নিয়াজ মোহাম্মদ খান জানিয়েছেন সকালেই তারা মৃত্যুর খবরটি পেয়েছেন।
তিনি জানান, ইব্রাহিম খান মুক্তিযুদ্ধের সময় শেখ মনির ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত ছিলেন। মঙ্গলবার সকালেই তার বড় ভাই ওয়াশিংটন থেকে ফেসবুকের মাধ্যমে মৃত্যু সংবাদটি ঢাকায় বড় বোনকে জানান। পরে তিনি জানতে পারেন।
মুক্তিযোদ্ধা ইব্রাহিম খানের স্ত্রী ও এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে নিউইয়র্কে এবং মেয়ে থাকেন কানাডায়।
৭৫ বছর বয়সী ইব্রাহিম খান আগে থেকেই অ্যাজমায় আক্রান্ত ছিলেন।
করোনায় আক্রান্ত হওয়ার পর পনের দিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসাপাতালেই তার মৃত্যু হয়। ♦



