
পুতিনকে সমর্থনের খেসারত দিচ্ছে ভারত, বাকিদের পরিণতিও একই হবে: মার্কিন সিনেটর
মস্কো থেকে তেল ক্রয় নিয়ে ফের ভারতের সমালোচনা করেছেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। এসময় তিনি চীন ও রাশিয়া থেকে তেল ক্রয় করে এমন দেশগুলোরও সমালোচনা করেন। গ্রাহম ওই দেশগুলোর বিরুদ্ধে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে অর্থায়নের অভিযোগ আনেন। ভারতের ওপর ডনাল্ড ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক আরোপের বিষয়টি নিয়ে তিনি বলেন, নয়া দিল্লি রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে সমর্থনের খেসারত দিচ্ছে। যে দেশগুলোর মস্কোর সঙ্গে বাণিজ্যক সম্পর্ক তাদেরও একই পরিণতি হবে বলে সতর্ক করেন তিনি। এক্সে এক পোস্টে ভারত, চীন ও অন্য দেশগুলোকে উদ্দেশ্য করে তিনি বলেন, তেল ক্রয়ের মাধ্যমে তোমরা ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে অর্থায়ন করছো। সেখানে প্রতিদিন বেসামরিক মানুষ মারা যাচ্ছেন। এর মধ্যে শিশুও আছে। এ খবর শুনে তোমাদের কেমন লাগছে? ভারত পুতিনকে সমর্থনের খেসারত দিচ্ছে। তোমাদেরও খুব দ্রুত একই পরিণতি হবে। এর আগে এনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, রাশিয়ার যুদ্ধ পরিচালনার অর্থ আসে মূলত তেল ও গ্যাস রপ্তানির মাধ্যমে। পশ্চিমা দেশের বাইরের ক্রেতারা ওই যুদ্ধ টিকিয়ে রাখতে সাহায্য করছে। আমাদের লক্ষ্য হলো ওই ক্রেতাদের চাপে ফেলা।
সূত্র: এনডিটিভি



