বাংলাদেশরাজনীতি

বাম জোটের তফসিল প্রত্যাখ্যান

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান ও পুনঃতফসিল দাবি করেছে গণতান্ত্রিক বাম জোট নেতৃবৃন্দ। নির্বাচন কমিশনের একতরফা ঘোষণার প্রতিবাদে তারা শনিবার বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। নির্বাচনের তফসিল স্থগিত করে রাজনৈতিক দলসমূহের মতামত বিবেচনায় নিয়ে নির্বাচনের নতুন তফসিল ঘোষণার দাবিও জানান নেতারা।

গতকাল শুক্রবার সকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা কমিটির সভায় গৃহীত প্রস্তাবে এসব কথা বলা হয়। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার কর্তৃক ঘোষিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে বলা হয়, নির্বাচন কেন্দ্রিক সঙ্কট উত্তরণে চলমান সংলাপ ও সমঝোতার প্রয়াসকে বিবেচনায় না নিয়ে একতরফাভাবে তফসিল প্রদাণ বিদ্যমান সঙ্কটকে আরও ঘণীভূত করেছে। বাম জোটসহ বিরোধী রাজনৈতিক দল ও জোটের পক্ষ থেকে সঙ্কটের সমাধান না হওয়া পর্যন্ত তফসিল ঘোষণা স্থগিত রাখার দাবি করা হলেও নির্বাচন কমিশন তা বিবেচনায় নেয় নি। নির্বাচন কমিশনের ঘোষণা বাস্তবে সরকারি দলের নির্বাচন ছকেরই অনুসরণ মাত্র। দমন-নিপীড়নের পরিস্থিতিতে দেশে যখন অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ন্যূনতম কোনও গণতান্ত্রিক পরিবেশ নেই তখন বিরোধীদলকে চাপের মধ্যে রেখে নির্বাচনের তফসিল প্রদান যে সরকারের আরও একবার একতরফা নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত করার উদ্দেশ্যে তাতে কোনও সন্দেহ নেই।সভার প্রস্তাবে বলা হয়, এমনিতেই এই নির্বাচন কমিশনের ওপর মানুষের কোনও আস্থা নেই। তদুপরি বিরোধী রাজনৈতিক দলসমূহের দাবি উপেক্ষা করে তফসিল ঘোষণা, বিতর্কিত ইভিএম চালুর সিদ্ধান্ত নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতাকে গুরুতরভাবে প্রশ্নবিদ্ধ করেছে।

বাম জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন জোটের কেন্দ্রীয় নেতা শাহ আলম, বজলুর রশীদ ফিরোজ, জোনায়েদ সাকি, মোশাররফ হোসেন নান্নু, আলমগীর হোসেন দুলাল, হামিদুল হক, মোমিনুর রহমান বিশাল, অধ্যাপক আবদুস সাত্তার, বহ্নিশিখা জামালী, কাজী সাজ্জাদ জহির চন্দন, রাজেকুজ্জামান রতন, আবদুল্লাহ ক্বাফী রতন, মানস নন্দী, ফখরুদ্দীন কবীর আতিক প্রমুখ।

কর্মসূচি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল বাতিল করে পুনঃতফসিল ঘোষণার দাবিতে শনিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension