
যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক নিয়ে যা বললেন ইরানের প্রেসিডেন্ট
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, গত জুনে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) ভবিষ্যতে ইরানের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি বা কেন্দ্রবিন্দু হবে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
মাসুদ পেজেশকিয়ান বলেন, ‘যারা আমাদের প্রতিপক্ষ, তাদের এই চুক্তির প্রতি অঙ্গীকারবদ্ধ থাকতে বাধ্য করতে আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে।’
পেজেশকিয়ানের মতে, এই সমঝোতা স্মারক বাস্তবায়িত হলে ইরান, পুরো অঞ্চল এবং দেশটির মিত্রদের নিরাপত্তা আরও জোরদার হবে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি আসন্ন। সোমবার শুরু হচ্ছে আলোচনা। রোববার (২ আগস্ট) এয়ার ফোর্স ওয়ান-এ সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ট্রাম্পের দাবি, হরমুজ প্রণালি নিয়ে একটি সমঝোতা হয়েছে। ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ নিয়েও সমঝোতা হবে বলে আশাবাদ জানান।
এ সময় তিন মধ্যস্থতাকারী সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের অনুরোধেই ইরানের বিরুদ্ধে পরিকল্পিত বিধ্বংসী অভিযান বাতিল করেছেন বলেও জানান ট্রাম্প। বলেন, দেশগুলো তাকে চুক্তির দিকে এগিয়ে যেতে অনুরোধ করেছিল।



