
যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক চাপ, রপ্তানি বাড়াতে নতুন বাণিজ্য দপ্তর গঠন কানাডার
যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক ও বাণিজ্য অনিশ্চয়তার মধ্যে রপ্তানি বৈচিত্র্য বাড়ানোর লক্ষ্যে নতুন স্ট্র্যাটেজিক এক্সপোর্টস অফিস গঠন করেছে কানাডা। নতুন এই দপ্তরের প্রধান লক্ষ্য হলো- যুক্তরাষ্ট্রের বাইরের বাজারে কানাডার পণ্য ও সেবার রপ্তানি সম্প্রসারণ করা এবং দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক বাজারে দেশটির অবস্থান আরও শক্তিশালী করা।
কানাডা সরকার জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে নতুন বাজার খোঁজা, রপ্তানিকারকদের সহায়তা প্রদান এবং বৈশ্বিক বাণিজ্যে প্রতিযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের শুল্কনীতির কারণে কানাডার রপ্তানি খাতে যে চাপ তৈরি হয়েছে, তার প্রভাব মোকাবিলায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
উল্লেখ্য, গত মাসে কানাডার ২০ বিলিয়ন ডলারের পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য বিরোধ নিরসনে তার সরকার ইতিমধ্যে বিস্তৃত প্রস্তাব দিয়েছে।
তার দাবি, অতীতে ট্রাম্প প্রশাসনের আরোপ করা শুল্ক উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি (ইউএসএমসিএ) লঙ্ঘন করেছে।
এক বিবৃতিতে কার্নি বলেন, ‘এই বাণিজ্য বিরোধের কারণে বিশেষ করে যুক্তরাষ্ট্রের পরিবারগুলোর ব্যয় বেড়েছে। বাকি থাকা সমস্যাগুলোর সমাধানে পারস্পরিক স্বার্থে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে কানাডা প্রস্তুত।’



