
ক্যালিফোর্নিয়ায় এফ-৩৫বি যুদ্ধবিমান বিধ্বস্ত, নিরাপদে পাইলট
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি এফ-৩৫বি স্টিলথ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে দুর্ঘটনার আগেই পাইলট বিমান থেকে নিরাপদে বেরিয়ে আসে। মার্কিন মেরিন কোরের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে পাইলট চিকিৎসাধীন রয়েছেন এবং তিনি শঙ্কামুক্ত। শুক্রবার সান ডিয়েগোর মিরামার বিমানঘাঁটির কাছে বিমানটি বিধ্বস্ত হয়।
স্থানীয় সংবাদমাধ্যমের হেলিকপ্টার থেকে ধারণ করা ভিডিওতে দেখা গেছে, খোলা মাঠে পড়ে থাকা যুদ্ধবিমানটির ধ্বংসাবশেষ থেকে ঘন কালো ধোঁয়া উড়ছে। ঘটনাস্থলে সামরিক বাহিনী, ফায়ার সার্ভিসের একাধিক যান ও উদ্ধারকর্মীরা কাজ করছেন। আগুন নিয়ন্ত্রণে রাসায়নিক অগ্নিনির্বাপক পদার্থ ছিটানোর পাশাপাশি পানিও ব্যবহার করা হচ্ছে।
সান ডিয়েগো ফায়ার সার্ভিসের মুখপাত্র ক্যান্ডেস হ্যাডলি বলেন, বিমান বিধ্বস্ত হওয়ার পর আশপাশের ঝোপঝাড়ে আগুন লাগে। পরে অগ্নিনির্বাপক কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
মিরামার বিমানঘাঁটি একসময় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বিখ্যাত যুদ্ধবিমানচালক প্রশিক্ষণকেন্দ্র ছিল। হলিউডের জনপ্রিয় চলচ্চিত্র টপ গানের মূল প্রশিক্ষণকেন্দ্র হিসেবে এটি পরিচিতি পায়। সে সময় ঘাঁটিটির ডাকনাম ছিল ‘ফাইটারটাউন ইউএসএ’। ১৯৯৬ সালে এটি মেরিন কোরের অধীনে গেলে প্রশিক্ষণ কার্যক্রম নেভাদার নেভাল এয়ার স্টেশন ফ্যালনে স্থানান্তর করা হয়।
যুক্তরাষ্ট্রের গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি অফিসের (জিএও) ২০২৪ সালের বিশ্লেষণ অনুযায়ী, দেশটির মেরিন কোর, নৌবাহিনী ও বিমানবাহিনীর কাছে বর্তমানে ৬৩০টির বেশি এফ-৩৫ যুদ্ধবিমান রয়েছে।
এফ-৩৫ এর বিভিন্ন সংস্করণের মধ্যে এফ-৩৫বি এমন একটি মডেল, যা স্বল্প দূরত্ব থেকে উড্ডয়ন এবং উলম্বভাবে অবতরণ করতে সক্ষম। একটি এফ-৩৫বি যুদ্ধবিমানের মূল্য প্রায় ১০ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। জিএওর হিসাব অনুযায়ী, আরও ১ হাজার ৮০০টির বেশি যুদ্ধবিমান কেনা এবং কয়েক দশক ধরে সেগুলো পরিচালনাসহ পুরো এফ-৩৫ কর্মসূচির সম্ভাব্য ব্যয় প্রায় ২ ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাতে পারে।
এভিয়েশন সেফটি নেটওয়ার্কের তথ্য অনুযায়ী, চলতি বছর যুক্তরাষ্ট্রে অন্তত সাতটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে প্রাণঘাতী দুর্ঘটনাটি ঘটে জুন মাসে ক্যালিফোর্নিয়ার মোহাভি মরুভূমিতে। উড্ডয়নের কিছুক্ষণ পর একটি বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত হলে বিমানে থাকা আটজনের সবাই নিহত হন।



