
যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে ৩ ডাচ সেনা আহত
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপোলিসের বিনোদন জেলায় শনিবার (২৭ আগস্ট) ভোরে ডাচ সেনাদের হোটেলের বাইরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বন্দুকধারীর গুলিতে তিন জন ডাচ সেনা আহত হয়েছেন। খবর আল-জাজিরার।
ইন্ডিয়ানাপোলিস পুলিশ জানিয়েছে, কর্মকর্তারা তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পেয়েছেন। এরপর তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ডাচ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, একজন সেনা এখন গুরুতর অবস্থায় আছেন। অন্য দু’জন সচেতন আছেন বলে জানানো হয়েছে। অন্যদিকে ইন্ডিয়ানাপোলিস পুলিশ জানিয়েছে, দুই জন সেনার অবস্থা গুরুতর ও তৃতীয় জন স্থিতিশীল আছেন।
ডাচ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে, এই তিনজন ডাচ সেনা কমান্ডো কর্পসের ছিলেন। তারা প্রশিক্ষণের জন্য ইন্ডিয়ানাতে ছিলেন। ঘটনার সময় তারা অবসর সময় কাটাচ্ছিলেন। এসময় তাদের ওপর গুলি চালানো হয়।
ইন্ডিয়ানাপোলিস পুলিশের মতে, তিন ভুক্তভোগী ও অন্য কোনো ব্যক্তির মধ্যে কোনো ধরনের বিবাদের কারণে এই গুলি চালানো হয়েছিল।
ডাচ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আহত সেনাদের পরিবারকে এই ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে। ইন্ডিয়ানাপোলিস পুলিশ এই গোলাগুলির তদন্ত চালিয়ে যাচ্ছে।
এই ঘটনায় এখনও কোনো গ্রেফতার করা হয়নি।



