
পত্রিকার সম্পাদক হলেন ব্রিটিশ যুবরাজ প্রিন্স চার্লস
পত্রিকার সম্পাদক হলেন ব্রিটিশ যুবরাজ প্রিন্স চার্লস। তবে মাত্র একদিনের জন্য। ‘দ্য ভয়েস’ নামে একটি সাপ্তাহিক পত্রিকা সম্পাদনা করেছেন ব্রিটিশ সিংহাসনের এ উত্তরাধিকারী। তার সম্পাদিত সংস্করণটি আগামী বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) প্রকাশিত হওয়ার কথা রয়েছে। খবর এপি, সিএনএন।
‘দ্য ভয়েস’ পত্রিকাটির প্রকাশনা শুরু হয় ১৯৮২ সালে। যুক্তরাজ্য থেকে প্রকাশিত আফ্রিকান-ক্যারিবিয়ান তথা কৃষ্ণাঙ্গদের একমাত্র জাতীয় পত্রিকা এটি। প্রধানত কৃষ্ণাঙ্গদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও সংস্কৃতি তুলে ধরে পত্রিকাটি।
এপি জানায়, প্রিন্স অব ওয়েলস চার্লস মূলত অতিথি সম্পাদক হিসাবে ‘দ্য ভয়েস’র ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে এর বিশেষ একটি সংস্করণ সম্পাদনা করেছেন। পত্রিকাটিকে খুবই গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন প্রিন্স চার্লস। পত্রিকাটির বিশেষ সংস্করণ সম্পাদনার সুযোগ পেয়ে নিজেকে গর্বিত বলেও জানান তিনি।
ব্রিটিশ সমাজ, সংস্কৃতি ও শিল্পক্ষেত্রে আফ্রিকান-ক্যারিবিয়ান তথা কালোদের অবদানকে সম্মান জানাতেই চার্লস পত্রিকাটির বিশেষ একটি সংস্করণ সম্পাদনা করেন। এ ব্যাপারে তিনি বলেন, ‘গত চার দশক ধরে বহু পরিবর্তন প্রত্যক্ষ করেছে ব্রিটেনের একমাত্র কৃষ্ণাঙ্গ পত্রিকা। এটা এখন একটা প্রতিষ্ঠান এবং একই সঙ্গে আমাদের সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।’
সিএনএন জানায়, পত্রিকাটির নতুন সংস্করণ বাজারে আসবে আগামী বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর)। এতে থাকছে ব্রিটিশ কৃষ্ণাঙ্গ তারকা অভিনেতা ইদ্রিস এলবার একটি সাক্ষাৎকার। এছাড়া ১৯৯৩ সালে লন্ডনে এক বর্ণবাদী হামলায় নিহত ১৮ বছরের শিক্ষার্থী স্টিফেন লরেন্সের মা ডরিন লরেন্সের সাক্ষাৎকার। আরও থাকছে বুকার পুরস্কার জয়ী লেখক বার্নাডিন এভারিস্তোর সাক্ষাৎকারও।
পত্রিকাটির নির্বাহী সম্পাদক সিম্পসন বলেন, ‘এই প্রকাশনা কৃষ্ণাঙ্গ ব্রিটিশ জীবনের একমাত্র রেকর্ড। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এ এক ঐতিহাসিক রেকর্ড হয়ে থাকবে।’ গত চার দশক ধরে পত্রিকাটি আরও অন্তর্ভূক্তিমূলক সমাজ গঠনের চেষ্টা চালিয়ে আসছে জানিয়ে সিম্পসন বলেন, ‘প্রিন্স চার্লসের পত্রিকার বিশেষ সংস্করণ সম্পাদনার মধ্য দিয়ে সেই চেষ্টারই প্রতিফলন ঘটেছে।’
তিনি বলেন, ‘আশা করি এই পদক্ষেপ আমাদের সমাজে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে মিলেমিশে সহযোগিতার সঙ্গে কাজ করার ক্ষেত্রে অন্যদের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।’
তবে অতিথি সম্পাদাক হিসেবে প্রিন্স চার্লসের পত্রিকা সম্পাদনা এটাই প্রথম নয়। এর আগে আরও বেশ কয়েকবার পত্রিকা সম্পাদনা করেছেন তিনি। এর মধ্যে আছে ‘কান্ট্রি লাইফ’ পত্রিকাও। এই পত্রিকার কয়েকটি সংস্করণ সম্পাদনা করেছিলেন চার্লস।



