যুক্তরাষ্ট্র

সাবেক সিআইএ প্রধানের ছেলের বিরুদ্ধে শিশু পর্নোগ্রাফির অভিযোগ

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে শিশু পর্নোগ্রাফি-সংক্রান্ত অভিযোগে মামলা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) আদালতের নথি এবং যুক্তরাষ্ট্রের এক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তার বরাতে এ তথ্য জানা গেছে। খবর সামা টিভি অনলাইনের।

ভার্জিনিয়ার ওয়ারেন্টন এলাকার বাসিন্দা কাইল ব্রেনানের বিরুদ্ধে ‘শিশু পর্নোগ্রাফি পরিবহন’-এর অভিযোগ আনা হয়েছে। আদালতে দাখিল করা ফৌজদারি অভিযোগপত্র অনুযায়ী, তার মোবাইল ফোন পরীক্ষা করে ৮৮টি ছবি পাওয়া গেছে। এসব ছবিতে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যৌন কর্মকাণ্ডে জড়িত থাকার দৃশ্য রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অভিযোগপত্রে বলা হয়েছে, কাইলের বিরুদ্ধে তদন্ত শুরু হয় ২০২৪ সালে। সফটওয়্যার প্রতিষ্ঠান অ্যাডোবের দেওয়া একটি তথ্যের ভিত্তিতে বিষয়টি প্রথমে শিশু নিখোঁজ ও নির্যাতনসংক্রান্ত জাতীয় কেন্দ্রের (এনসিএমইসি) নজরে আসে। পরে ২০২৪ সালের জুলাইয়ে ভার্জিনিয়ার কর্তৃপক্ষ তার বাড়িতে তল্লাশি চালায়। গত মাসে মামলাটি এফবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়।

কাইল ব্রেনান বর্তমানে গ্রেফতার রয়েছেন। তবে এ বিষয়ে তার আইনজীবী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি। তার বাবা জন ব্রেনানের একজন মুখপাত্রও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

জন ব্রেনান সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে সিআইএর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের সমালোচক হিসেবে পরিচিত।

এদিকে, ট্রাম্পকে ঘিরে অতীতের বিভিন্ন তদন্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তার নাগরিক অধিকার লঙ্ঘন করেছিলেন কি না, তা খতিয়ে দেখতে জন ব্রেনানের বিরুদ্ধেও এক বছরের বেশি সময় ধরে তদন্ত চালাচ্ছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। এই তদন্তকে সমর্থক ও সমালোচকেরা ‘গ্র্যান্ড কনস্পিরেসি’ বা বৃহৎ ষড়যন্ত্র তদন্ত হিসেবে অভিহিত করছেন।

তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে তদন্তটির অগ্রগতি থমকে গেছে। এর তত্ত্বাবধানে থাকা জ্যেষ্ঠ কয়েকজন কৌঁসুলি পদত্যাগ করেছেন। এখন পর্যন্ত এ তদন্তে কারও বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়নি।

জন ব্রেনান তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তার আইনজীবীদের দাবি, ট্রাম্পের নির্দেশে কৌঁসুলিরা অন্যায়ভাবে তাকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছেন।

গত মাসে একটি গ্র্যান্ড জুরির সামনে সাক্ষ্য দেওয়ার জন্য জন ব্রেনানকে তলব করা হয়েছিল। তবে তদন্তের দায়িত্বে থাকা বিচার বিভাগের কর্মকর্তা জোসেফ ডি জেনোভার পদত্যাগের পর তার সাক্ষ্যগ্রহণ স্থগিত করা হয়। ডি জেনোভা গত সেপ্টেম্বরে পদত্যাগ করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension