প্রধান খবরবাংলাদেশ

হয় শ্রমিকদের বেতন দেবেন, না হয় জেলে যাবেন: শ্রম উপদেষ্টা

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৮ মের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের বকেয়া বেতন ভাতা পরিশোধ করতে হবে। না হলে গার্মেন্টস মালিকদের জেলে যেতে হবে।

বুধবার (২১ মে) সকালে সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলনে কক্ষে আসন্ন ঈদ উপলক্ষে নৌপথের যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার লক্ষ্যে বিভিন্ন সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

শ্রম উপদেষ্টা বলেন, ‘ইতোমধ্যে পাঁচজন গার্মেন্টস মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। উনারা দেশের বাইরে তো দূরে থাক, ঢাকার বাইরে যেতে পারবেন না।’

তিনি বলেন, ‘বকেয়া বেতন ভাতার দাবিতে গত কয়েক দিন ধরে বিভিন্ন গার্মেন্টস শ্রমিক সংগঠন থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এবং কাকরাইলে শ্রম ভবন ঘেরাও কর্মসূচি শুনতে পাচ্ছিলাম। বিষয়টিকে গুরুত্ব দিয়ে মঙ্গলবার রাত ৭টা পর্যন্ত আমরা সচিবালয়ে গার্মেন্টস মালিক এবং শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করি। বৈঠকে গার্মেন্টস মালিকরা জানিয়েছেন, তারা ঘর-বাড়ি বিক্রি করে হলেও শ্রমিকদের পাওনা পরিশোধ করবেন এবং সেটা আগামী ২৮ তারিখের মধ্যে।’

উপদেষ্টা জানান, গার্মেন্টস মালিকদের নিশ্চয়তা আমাদের আশান্বিত করেছে। আমরা মনে করছি গার্মেন্টস মালিকরা ২৮ তারিখের মধ্যে তাদের গার্মেন্টসের শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করবেন। এর অন্যথা হওয়ার সুযোগ নেই।’

উপদেষ্টা আরও বলেন, ‘গার্মেন্টস মালিকরা হয় শ্রমিকদের বেতন দেবেন, না হয় জেলে যাবেন। যারা শ্রমিকদের বেতন দিতে পারবেন না, তাদের গার্মেন্টসের মালিক হওয়ার প্রয়োজন নেই। কেউ কেউ হয়তো ফ্যাশন করার জন্য গার্মেন্টস প্রতিষ্ঠা করেন। আগামীতে এটা হতে দেওয়া যাবে না।’ টিএনজেড গার্মেন্টস এবং মাহমুদ গার্মেন্টসসহ পাঁচটি গার্মেন্টস প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানান তিনি।

এম সাখাওয়াত হোসেন জানান, এবার ঈদের আগে এবং পরে কোনো বাল্কহেড নদীতে চলাচল করতে পারবে না। যাত্রীবাহী লঞ্চগুলোতে চারজন করে সশস্ত্র আনসার নিয়োজিত থাকবেন। যথাসময়ে আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার জন্য আবহাওয়া অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের তিনি অনুরোধ জানান।

নৌপরিবহন সচিবসহ বিভিন্ন দপ্তর সংস্থার কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপদেষ্টা আগামী ঈদ উপলক্ষে নৌরুটে যাত্রীদের নিরাপত্তার বিষয়ে সরকারের বিভিন্ন সিদ্ধান্তের কথা উল্লেখ করেন। সূত্র: বাসস

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension