
অস্ত্র হাতে ভাইরাল সেই জুয়েল কারাগারে
কুমিল্লার চৌদ্দগ্রামে অস্ত্র হাতে ছবি ভাইরাল হওয়া সেই মনিরুজ্জামান জুয়েলকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে তাকে রাজধানীর বনানী থেকে গ্রেফতার করা হয়। আজ সোমবার দুপুরে তাকে আদালতে তোলা হয়।পরে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, তিনটি মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকা জুয়েলকে রোববার রাত ১০টার দিকে রাজধানীর বনানী থেকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আর শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহজালাল মজুমদারের দাখিল করা অভিযোগের তদন্ত চলছে।
কুমিল্লা কোর্ট পুলিশের পরিদর্শক মুজিবুর রহমান বলেন, চেক ডিজঅনারের মামলায় চৌদ্দগ্রামের মনিরুজ্জামান জুয়েল নামের একজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
উল্লেখ্য, বৃহস্পতিবার উপজেলার শ্রীপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের এক ব্যক্তির বাড়ি থেকে দাওয়াত খেয়ে ব্যক্তিগত গাড়িতে নিজ গ্রাম মান্দারিয়ায় ফিরছিলেন চেয়ারম্যান শাহজালাল মজুমদার। বিকাল ৩টার দিকে নালঘর পশ্চিম বাজার সামাদ মেম্বারের বাড়ির কাছে তার গাড়ির গতিরোধ করে হামলা চালান ‘যুবলীগ নেতা’ হিসেবে পরিচিত মনিরুজ্জামান জুয়েলসহ ৭/৮ জন। হামলার পর হাতে বিদেশি আগ্নেয়াস্ত্র আর মুখে সিগারেটসহ মনিরুজ্জামান জুয়েলের একটি ছবি নিজ সামাজিক মাধ্যমে শেয়ার করেন চেয়ারম্যান। এরপরই এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। আর দেশজুড়ে তোলপাড় শুরু হয়। ছবি ভাইরালের পর তার স্ত্রী ফারজানা হক শুক্রবার রাতে অস্ত্রটি চৌদ্দগ্রাম থানায় জমা দেন।



