
অ্যাঙ্গার রুম: অদমনীয় রাগ দমনে
আপনার যখন প্রচণ্ড রাগ হয় তখন কি বাড়ির আসবাব বা জিনিসপত্র ভাঙচুর করেন? তাহলে আপনার জন্যে ভালো খবর আছে। জিনিস বা আসবাব ভেঙে রাগ-জেদের প্রকাশ ঘটাতে এখন গড়ে উঠেছে এক সংস্থা। নাম তার রেইজ রুম। এই রেইজ রুম অবশ্য স্ম্যাশড রুম ও অ্যাঙ্গার রুম নামেই অধিক পরিচিত হয়ে উঠেছে। আমেরিকার ডালাসে এই রেইজ রুম গড়ে তুলেছেন ডোনা আলেকজান্ডার। আপনার যখন প্রচণ্ড আর অদমনীয় রাগ উঠবে, তখন মাত্র পঁচিশ ডলার পরিশোধ করে আপনি ডোনার রেইজ রুমে যেতে পাবেন এবং সেখানে নিজের ইচ্ছেমত ভাঙচুর চালাতে পারবেন। তবে সেটা কেবল পাঁচ মিনিটের জন্যে। আপনি যদি আরও বেশি সময় ভাঙচুর চালাতে চান তবে আপনাকে আরও বেশি টাকা পরিশোধ করতে হবে।

সম্প্রতি চায়না বেইজিং শহরেও গড়ে উঠেছে এই রেইজ রুম। সেখানে অবশ্য অ্যাঙ্গার রুম নামেই পরিচিত হয়ে উঠেছে। ইস্কুলে মারামারি? প্রেমিক বা প্রেমিকার ওপর রাগ? বসের উপর তীব্র বিরক্তি? সব রাগের প্রকাশ ঘটাতে সেখানে প্রাণ খুলে যা খুশি ভাঙচুর করতে পারেন আপনি। টিভি, অডিও স্পিকার, প্রেসার কুকার, বোতল এবং এমনকি ম্যানিকুইনও ভাঙতে পারেন।

বেইজিংয়ের এই অ্যাঙ্গার রুমেও আপনাকে কিছু টাকা খরচ করতে হবে। তারপর নিশ্চিন্তে যা খুশি ভেঙে রাগে ঝেড়ে ফেলতে পারার অনুমতি পেয়ে যাবেন। আপনাকে কেবল জিনিস ভাঙার সময় প্রতিরক্ষামূলক পোশাক ও হেলমেট পরে নিতে হবে, তারপর হাতুড়ি দিয়ে, ব্যাট দিয়ে যা খুশি দুমাদ্দুম ভেঙে ফেলুন। আপনার রাগ বা হতাশা প্রকাশের সময় এই অ্যাঙ্গার রুমের মালিকরা বেশ পছন্দসই মিউজিকও চালিয়ে দেবেন।

বেইজিংয়ে এই এখন হলেও ডালাসে অ্যাঙ্গার রুমের ডোনা আলেকজান্ডার অ্যাঙ্গার রুম প্রতিষ্ঠা করেছিলেন সেই ২০১১ সালেই। ডোনা যখন কিশোরী তখনই তার মাথায় অ্যাঙ্গার রুমের আইডিয়াটি আসে। এরপর পরিণত বয়সে এসে গড়ে তুললেন অ্যাঙ্গার রুম। এর ফলে ডোনা অ্যান্টি ভায়োলেন্স অ্যাক্টিভিস্ট হিসেবে পরিচিত হয়ে ওঠেন।
গেল বছর ২০১৮ সালের সেপ্টেম্বরে এই অ্যান্টি ভায়োলেন্স অ্যাক্টিভিস্ট ডোনা আলেক্সান্ডার তার প্রাক্তন প্রেমিকের হাতে নিহত হন।



