
আইপিএলের জন্য অনিশ্চিত জিম্বাবোয়ের ভারত সফর
রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : নতুন বছরের শুরুর দিকেই জিম্বাবোয়ে ক্রিকেট দলের ভারত সফরে আসার কথা ছিল৷পরিবর্তিক পরিস্থিতিতে তা চূড়ান্ত অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে৷ পরিস্থিতি যে জায়গায় দাঁড়িয়ে, তাতে প্রস্তাবিত দ্বি-পাক্ষিক সিরিজ পিছিয়ে যেতে পারে অথবা আকারে আরও সংক্ষিপ্ত হয়ে দাঁড়াতে পারে৷ এমনকি সফর পরিত্যক্ত হওয়ার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ চূড়ান্ত সূচি নির্ধারিত না হলেও বিসিসিআই-এর সঙ্গে জিম্বাবোয়ে ক্রিকেট বোর্ডের প্রাথমিক আলোচনায় ঠিক ছিল যে, নিউজিল্যান্ড সফর থেকে টিম ইন্ডিয়া দেশের ফেরার পর মার্চ মাস নাগাদ একটি টেস্ট ও তিনটি ওয়ান ডে খেলতে ভারতে আসবে হ্যামিল্টন মাসাকাদজারা৷ কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড লোকসভা নির্বাচনের সঙ্গে পাল্লা দিয়ে দেশের মাটিতেই আইপিএল আয়োজন করতে চাওয়ায় সমস্যা দেখা দেয় জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বি-পাক্ষিক সিরিজের উইন্ডো নিয়ে৷ বিসিসিআই-এর তরফে বিজ্ঞপ্তি মারফৎ জানিয়ে দেওয়া হয় যে ২৩ মার্চ থেকে শুরু হবে দ্বাদশ আইপিএল৷ ভারতীয় দল নিউজিল্যান্ড সফর থেকে দেশে ফিরবে ১০ ফেব্রুয়ারি৷ ঘরে ফিরেও খুব বেশি দিন বিশ্রাম পাবেন না কোহলিরা৷ টিম ইন্ডিয়ার পিছু পিছু অস্ট্রেলিয়া ভারতে উড়ে আসবে দু’টি টি-২০ ও পাঁচটি ওয়ান ডে খেলতে৷ ২৪ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ চলবে ভারতের৷ অর্থাৎ আইপিএলের আগে মাত্র ১০ দিন সময় পড়ে থাকবে টিম ইন্ডিয়ার হাতে৷ সেই সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটি টেস্ট ও তিনটি ওয়ান ডে আয়োজন সম্ভব নয়৷ তাই হয় টেস্ট বাদ দিয়ে ওয়ান ডে ও টি-২০’র সংক্ষিপ্ত সিরিজ খেলা হবে জিম্বাবোয়ের বিরুদ্ধে৷ নতুন সফর পিছিয়ে পরবর্তী সময়ে ভারতে আসতে পারেন মাসাকাদজারা৷ সম্ভাবনা রয়েছে সিরিজ পরিত্যক্ত হওয়ারও৷



