খেলা

আইপিএল ২০১৯: ঠান্ডা ঘর থেকে আলোয় ফিরে বদলা নিতে চান ওরা

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : প্রতি শুক্রবার নতুন হিসেব…অভিনেতা, পরিচালক প্রোডিউসারদের জীবনটা যেমন শুক্রবার থেকে শুক্রবারে পাল্টে যায়৷ ক্রিকেটাদের জীবন তেমনই পাল্টে যায় আইপিএল টু আইপিএলে৷ উত্থান-পতন, কত চলমান লড়াইয়ের সাক্ষী এক একটা আইপিএল৷ এক নজরে দ্বাদশ আইপিএল যে ক্রিকেটারের কাছে ঠান্ডা ঘর থেকে আলোয় ফেরার ‘বদলার’ আইপিএল-

১) যুবরাজ সিং– তালিকায় প্রথম নামটা অবশ্যই থাকা উচিত যুবরাজের৷ ভারতকে দু’বার দুই ফর্ম্যাটে বিশ্বকাপ দিয়েছেন৷ টি-টোয়েন্টিতে ছয় ছক্কার মালিক৷ একসময় এই যুবির জন্য নিলামে তাল ঠুকতেন ফ্র্যাঞ্চাইজির মালিক-মালকিনরা৷ সেই যুবিই এখন পুরাতন৷

ভারতীয় জার্সির থেকে কয়েকশো মাইল দূরে রয়েছেন৷ ঘরোয়া ক্রিকেটেও ব্যাটে রান নেই৷ নিট ফল চলতি বছরের আইপিএলের প্রথম পর্বের নিলামে অবিক্রিত থেকে দ্বিতীয় ধাক্কায় মুম্বই ইন্ডিয়ান্সের ড্রেসিংরুমে সুযোগ পেয়েছেন৷ শেষ পর্যন্ত যুবি ব্যাক টু ওয়াংখেডে়৷ মুম্বইয়ের এই ওয়াংখেড়েতেই ২০১১ সালে বিশ্বকাপ জয়ের অন্যতম কাণ্ডারি ছিলেন৷ সেই যুবিই ফের নামছেন ওয়াংখেড়েতে৷ এবার অবশ্য বদলার আইপিএল৷ নিজেকে ফের নতুন করে প্রমাণ করার আইপিএল৷

২)স্মিথ-ওয়ার্নারের শীত ঘুম শেষে-
অজি দুই ব্যাটসম্যানের কাছে এই আইপিএল অনেকটা ঠান্ডা ঘর থেকে আলোয় ফেরার আইপিএল৷ শেষ একটা বছর ক্রিকেট থেকে নির্বাসনে, কলঙ্কের কালো দাগ, ভয়ংকর অতীত, দোষের বোঝা…বয়ে বেড়াতে হয়েছে৷ চলতি মাসের শেষে ২৮ মার্চ নির্বাসন থেকে মুক্তি পাচ্ছেন দুই ক্রিকেটার৷ কেপটাউনের বল বিকৃতি কাণ্ডের কালো অতীত ভুলে আইপিএলকে সিঁড়ি করেই হারানো গৌরবের চূড়োয় ফিরে আসার লড়াই৷ ওদের কাছে দ্বাদশ আইপিএল তাই সমালোচনা থামিয়ে সব অপমানের ‘বদলা’ নেওয়ার আইপিএল৷

৩) হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুল- ক্রিকেটকে বলা হয় এক বলের খেলা৷ যারা বলেন তাদের এবার সংশোধন করে বলা উচিত, মাঠ এবং মাঠের বাইরেও ক্রিকেট শুধুই এক বলের খেলা৷ আকাশচুম্বী টিআরপি শো’য়ে মিনিট পঁয়তাল্লিশের খুল্লামখুল্লা ইন্টারভিউ৷ বিনিময়ে পকেটে গেইন হতে পারে মোটা অঙ্কের মানি! আর পাঁচটা উঠতি ক্রিকেটারের মতো এই অফার পেয়ে মাথা ভোঁ ভোঁ করেছিল হার্দিক-রাহুলেরও৷ সেকারণেই মুখের লাগাম দরজার ওপারে খুলে রেখে সোফায় সিটিং দিয়েছিল দুই মহারথী৷

এরপর যত কাণ্ড করণে! মেয়েদের নিয়ে বেফাঁস মন্তব্য করে মুহূর্তেই রাহুল-পান্ডিয়া হিরো টু নেশনস নিউ ভিলেন৷ মাঠের বাইরের একটা ভুলেই ক্রিকেট কেরিয়ার লন্ডভন্ড হওয়ার জোগাড়৷ পরে বাইশ গজে ফিরলেও দুই ক্রিকেটারই এখনও হারানো ইমেজ ফিরে পাওয়ার লড়াই চালাচ্ছেন৷ সব লড়াইয়ের উত্তর হতে পারে একটা দুর্দান্ত আইপিএল মরশুম৷

ধিকি ধিকি জ্বলতে থাকা আগুনটা সম্পূর্ণ নিভিয়ে জয়ধ্বনিতে রূপান্তরিত করে দিতে পারে সফল একটা আইপিএল মরশুম৷ ওদের কাছে তাই এই আইপিএল সব সমালোচনা ঝেড়ে ফেলে নতুন সূর্যোদয়ের আইপিএল৷

৪) সৌরভের আইপিএল– জব টাইটেল বলছে পরামর্শদাতা৷ কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে হাতে হাত মিলিয়ে দিল্লি ক্যাপিটালস দলটাকে চাঙ্গা করবেন৷ জব টাইটেলে যেটা লেখা নেই, সেটা হল-মহারাজের কাছেও এটা বদলার আইপিএল৷ এই আইপিএল দেখেছে নাইটদের জার্সিতে সৌরভের বাদ যাওয়া৷ পুণের হয়ে ম্যাচ খেলা৷ পুনে ফ্র্যাঞ্চাইজিতে খেলা সৌরভের জন্য ইডেনের সমর্থকদের দ্বিধাবিভক্ত হয়ে যাওয়া৷ আরও কত কী!

সেসব এখন অতীত৷ সৌরভের কাছে নতুন চ্যালেঞ্জ অবশ্যই দিল্লিকে আইপিএলের মসনদে ফেরানো৷ আইপিএলের সৌরজগতে কত তাড়াতাড়ি সব পাল্টে যায়৷ সেদিনের ক্রিকেটার আজ মেন্টর৷ ক্রিকেটার হিসেবে আইপিএল ট্রফি জয়ের স্বাদ দিতে পারেননি, মেন্টর হিসেবে ফ্র্যাঞ্চাইজিকে সেই স্বাদ দিতে পারলে দ্বাদশ আইপিএল স্মরণীয় করে রাখতে পারবেন মহারাজ৷ কে বলে আইপিএল শুধুই বাইশ গজের ক্রিকেট ডুয়েল৷ এর পরতে পরতে আছে বদলার গন্ধ!

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension