প্রধান খবরবাংলাদেশ

আজ শুভ বড়দিন

খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন (ক্রিসমাস) আজ ২৫ ডিসেম্বর।

বেথলেহেমে কুমারী মাতা মেরির কোলে জন্মগ্রহণ করেন খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট। খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিশ্বাস, সৃষ্টিকর্তার মহিমা প্রচার, মানবজাতিকে পাপ থেকে মুক্তি দিয়ে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে পৃথিবীতে আগমন ঘটে যিশুর।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে ধর্মীয় আচার, আনন্দ-উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে বড়দিন উদযাপন করছে খ্রিস্টান স¤প্রদায়। আজ সরকারি ছুটি। বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, ‘বাংলাদেশ বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম, আচার ও অনুষ্ঠানাদি স্বাধীনভাবে পালন করে আসছেন। বিদ্যমান সম্প্রীতির এই সুমহান ঐতিহ্যকে আরও সুদৃঢ় করতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে হবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, ‘জাতির পিতা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। একটি সুখী-সমৃদ্ধ, দারিদ্র্যমুক্ত ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

বড়দিন উপলক্ষে দেশের সব চার্চ ও তারকা হোটেলগুলোকে ক্রিসমাস ট্রি, রঙিন বাতি, বেলুন ও ফুল দিয়ে সাজানো হয়েছে। হোটেল ও পরিবারগুলোতে নানা ধরনের কেক, পিঠাসহ বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে। আজ সকালে প্রতিটি গির্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।

রাজধানীর তেজগাঁও ক্যাথলিক গির্জায় (পবিত্র জপমালার গির্জা) বড়দিনের বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে গির্জা ও এর আশপাশে রঙিন বাতি জ্বালানোর ব্যবস্থা করা হয়েছে। ভেতরে সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি। বড়দিনের প্রধান আকর্ষণ সান্তাক্লজ। তিনি শিশুদের জন্য নিয়ে আসেন চকলেটসহ নানা উপহার। শিশুদের আনন্দ দেওয়ার জন্য থাকবেন সান্তাক্লজ।

দিনটি উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করেছে। দৈনিক পত্রিকাগুলো বড়দিন উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে।

বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও দেশ রূপান্তরকে বলেন, ‘ইতিমধ্যে দিবসটি উদযাপনে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঢাকাসহ সারা দেশের খ্রিস্টান ধর্মাবলম্বীরা আনন্দমুখর পরিবেশে বড়দিন উদযাপন করবেন। দেশের প্রতিটি গির্জায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension