
আমরা প্রত্যেকটা কথা বলব, প্রত্যেকটা সত্যি বলব: শিপ্রা-সিফাত
টেকনাফে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানের সহযোগী শিপ্রা দেবনাথ ও শাহেদুল ইসলাম সিফাত ভালো আছেন।
সোমবার রাতে কক্সবাজারে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এক সংবাদ সম্মেলনে শিপ্রা ও সিফাত সাংবাদিকদের এ কথা জানান।
সংবাদ সম্মেলনে তারা বলেন, মেজর সিনহা (অব.) নিহত হওয়ার ঘটনা সম্পর্কে তারা যা কিছু জানেন তার সবই দেশবাসীর সামনে তুলে ধরবেন। তবে এ জন্য তারা কিছুটা সময় চেয়েছেন।
শিপ্রা দেবনাথ বলেন, সিফাত এবং আমি দেশবাসীর প্রতি অনেক কৃতজ্ঞ। তারা আমাদের পাশে ছিলেন, পাশে থাকবেন। আপাতত এতটুকুই বলার আছে। আমরা প্রত্যেকটা কথা বলব। প্রত্যেকটা সত্যি বলব। একটু সময় দেন। প্রচুর গুজব শোনা যাচ্ছে। আমরা বিভ্রান্তিমূলক নিউজ চাই না। যেটা আমাদের সাথে হয়েছে সেটা আমরাই বলবে। আমার দেশবাসীর কাজে সত্য বলার জন্য একটু সময চাচ্ছি।
সাহেদুল ইসলাম সিফাত বলেন, মানসিকভাবে শারীরিকভাবে আমি সম্পূর্ণ সুস্থ আছি। আমার পায়ে গুলি লাগেনি। আশা করি সুষ্ঠু তদন্ত হবে। আমাদের একটু সময় দেন।
অন্যদিকে সিফাত বলেন, তার পায়ে গুলি লাগার তথ্যটি সঠিক নয়। তিনি জানান, জেল থেকে ছাড়া পাওয়ার পর পরিবারের রিজার্ভ করা গাড়িতে করে তিনি আদালত চত্বর ত্যাগ করেন।
সংবাদ সম্মেলনের শুরুতে তারা জানান, ঘটনার পর পর বিভিন্ন পরিস্থিতিতে তারা ট্রমাটাইজড্। মেজর সিনহার (অব) মৃত্যুর ঘটনায় ন্যায় বিচার পাবেন বলে তারা আশা প্রকাশ করেন।
তাদের গ্রেপ্তারের পর দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ হওয়ার ঘটনায় আপ্লুত হয়েছেন জানিয়ে শিপ্রা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কক্সবাজারের রামু থানায় পুলিশের দায়ের করা মাদক মামলায় রবিবার জামিন পেয়েছেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিপ্রা দেবনাথ। অন্যদিকে, সোমবার দুপুর সোয়া দুইটার দিকে কক্সবাজার আদালত পৃথক দুটি মামলায় জামিন মঞ্জুরের পর সিফাত কারাগার থেকে বের হয়ে আসেন।
স্টামফোর্ডের শিক্ষার্থী সিফাত, শিপ্রা দেবনাথ ও তাহসিন রিফাত নূর ‘জাস্ট গো’ নামে একটি ভ্রমণের ভিডিওচিত্র ধারণ করতে কক্সবাজারে ছিলেন। নিহত মেজর (অব.) সিনহার ইউটিউব চ্যানেলের জন্য তারা এটি নির্মাণ করছিলেন।❐



