এআই নির্মিত মুখপাত্র উন্মোচন করল ইউক্রেনীয় মন্ত্রণালয়
ইউক্রেন বুধবার ভিক্টোরিয়া শি নামের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্মিত মুখপাত্র উপস্থাপন করেছে, যে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে আনুষ্ঠানিক বিবৃতি দেবে। মন্ত্রণালয় বলেছে, কিয়েভ ‘ইতিহাসে প্রথমবারের মতো’ বিবৃতি পড়ার জন্য ডিজিটাল মুখপাত্র ব্যবহার করবে। তবে বিবৃতি মানুষই লিখবে।
একটি গাঢ় রঙের স্যুট পরিহিত মুখপাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি উপস্থাপনায় নিজেকে ভিক্টোরিয়া শি, একজন ‘ডিজিটাল ব্যক্তি’ হিসেবে পরিচয় করিয়ে দেয়।
সে তার হাত দিয়ে ইঙ্গিত করে এবং কথা বলার সঙ্গে তার মাথা নাড়ায়।
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস সার্ভিস বলেছে, শির দেওয়া বিবৃতি এআই দিয়ে উৎপন্ন হবে না, বরং প্রকৃত ব্যক্তিদের মাধ্যমে লেখা ও যাচাই করা হবে। এটি শুধু ভিজ্যুয়াল অংশ, যা এআই আমাদের তৈরি করতে সাহায্য করে।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেছেন, নতুন মুখপাত্র একটি ‘প্রযুক্তিগত অর্জন, যা বিশ্বের কোনো কূটনৈতিক পরিষেবা এখনো করতে পারেনি’।
তাকে তৈরির প্রধান কারণ, কূটনীতিকদের জন্য ‘সময় ও সম্পদ সংরক্ষণ’।
দ্য গেম চেঞ্জার নামের একটি দল শিকে নির্মাণ করেছে, যারা ইউক্রেনের যুদ্ধের সঙ্গে সম্পর্কিত ভার্চুয়াল বাস্তবতা বিষয়বস্তুও তৈরি করেছে।
মুখপাত্রের নাম বিজয় (ভিক্টোরি) এবং কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য ইউক্রেনীয় ভাষার শব্দ শিচুচনি ইন্টেলেক্টের ওপর ভিত্তি করে রাখা হয়েছে। শির চেহারা ও কণ্ঠ একজন বাস্তব ব্যক্তির আদলে তৈরি করা হয়েছে : রোজালি নোমব্রে, একজন গায়ক ও ইউক্রেনের দ্য ব্যাচেলর রিয়ালিটি শোর প্রাক্তন প্রতিযোগী।
নোমব্রে পূর্ব ইউক্রেনের বর্তমান রুশ নিয়ন্ত্রিত শহর দোনেৎস্কে জন্মগ্রহণ করেন। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ৫৪ হাজার ফলোয়ার রয়েছে। তিনি এতে বিনা মূল্যে অংশ নিয়েছেন বলে মন্ত্রণালয় জানিয়েছে।
এ ছাড়া মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, শি ও নোমব্রে ‘দুজন ভিন্ন ব্যক্তি’ এবং শুধু এআই ফিগারটিই অফিশিয়াল বিবৃতি দেয়। প্রতারণা এড়াতে বিবৃতিগুলোর সঙ্গে একটি কিউআর কোড থাকবে, যা ব্যবহার করে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাঠ্য সংস্করণ পাওয়া যাবে।
শি কনস্যুলার পরিষেবাগুলোতে মন্তব্য করবেন, বর্তমানে যা একটি বিতর্কিত বিষয়। ইউক্রেন গত সপ্তাহে বিদেশে বসবাসকারী যুদ্ধের বয়সের পুরুষদের জন্য এ ধরনের পরিষেবা স্থগিত করেছে। প্রশাসনিক কার্যক্রমের জন্য দেশে তাদের ফেরত যেতে হবে। সূত্র : এএফপি



