যুক্তরাষ্ট্র

এক বছর পূর্তিতে বাইডেনের ম্যারাথন বক্তব্য: ইউক্রেনে বিপর্যয় দেখবে রাশিয়া

রাশিয়ার জন্য চরম বিপর্যয় অপেক্ষা করছে। ইউক্রেনে হামলা চালালে সেই বিপর্যয় প্রত্যক্ষ করবে দেশটির কর্তৃপক্ষ।

এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার এক বছর পূর্তিতে বুধবার ম্যারাথন বক্তব্য দেন তিনি।

এতে নিজের সরকারের নানা সাফল্য তুলে ধরার পাশাপাশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। করোনা মহামারি, আফগানিস্তান ইস্যু ও অর্থনৈতিক মন্দা মোকাবিলা নিয়ে কথা বললেও সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে চলমান ইউক্রেন-রাশিয়া সমস্যা।

সরকারের এক বছর পূর্তি উপলক্ষ্যে বুধবার ওভাল অফিসে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বাইডেন। সম্মেলনে তিনি পোডিয়ামে দাঁড়িয়ে প্রায় ১১৪ মিনিট কথা বলেন।

এ সময় গত এক বছরের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে প্রশ্নের সম্মুখীন হন বাইডেন। করোনা পরিস্থিতি সামাল দিতে সরকার কি করেছে, এ নিয়ে যেমন প্রশ্ন ছিল, তেমনি সম্প্রতি ইউক্রেন ইস্যুতে রাশিয়ার পদক্ষেপ নিয়েও প্রশ্ন করা হয়।

প্রশ্ন করা হয় আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন নিয়েও। একসময় তিনি বলেই বসেন, তাকে যেন সহজ প্রশ্ন করা হয়। বক্তব্যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পক্ষে যুক্তি দিয়ে বাইডেন পূর্ববর্তী প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করেন এবং এ নিয়ে নিজের মতামত ও অবস্থান আরও স্পষ্ট করেন তিনি।

এ প্রসঙ্গে বাইডেন বলেন, ২০ বছর পর যুদ্ধ থেকে সহজে বেরিয়ে আসার কোনো উপায় ছিল না। যখনই তা করতে যাওয়া হয়েছে তখনই বাধা এসেছে এবং শেষ পর্যন্ত আমি সেটা করতে সক্ষম হয়েছি এবং আমি যা করেছি তা ঠিকই করেছি। এজন্য আমি ভুল স্বীকারে রাজি নই।

ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার উত্তেজনা বেড়েই চলেছে। চলতি সপ্তাহে ইউক্রেনীয় গোয়েন্দা কর্মকর্তারা বলেছেন, সব প্রস্তুতি সেরে ফেলেছে রাশিয়া। এখন যেকোনো সময় ইউক্রেনে হামলা চালাতে পারে। মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তারাও তেমনটিই সতর্কতা দিয়েছেন।

এরই পরিপ্রেক্ষিতে বুধবার প্রেসিডেন্ট বাইডেন হুঁশিয়ারি দিয়ে বলেন, হামলা চালালে ‘বিপর্যয়’ দেখবে মস্কো। বাইডেনের কথায়, ‘রাশিয়া যদি ইউক্রেন আক্রমণ করে তাহলে আপনারা সবাই দেখবেন যুক্তরাষ্ট্র কী করে।

পুরো বিষয়টি নির্ভর করছে রাশিয়ার পদক্ষেপের ওপর।’ তবে শুধু হুঁশিয়ারিতেই সীমাবদ্ধ থাকছেন না বাইডেন। ইউক্রেনে নতুন করে আরও মার্কিন অস্ত্র পাঠানোর পরিকল্পনা করছে তার প্রশাসন। এ বিষয়ে বাল্টিক রাষ্ট্রগুলোর এক অনুরোধে ‘সবুজ সংকেত’ দিয়েছেন বাইডেন।

এদিকে ইউক্রেন ইস্যুতে বাইডেনের এই বক্তব্যের নিন্দা জানিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার এক বিবৃতিতে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়া নয়, প্রেসিডেন্ট বাইডেনের এই বক্তব্যই পরিস্থিতি অস্থিতিশীল করে তুলতে পারে।

মার্কিন রাজনৈতিক মহলে দীর্ঘদিন ধরে জল্পনা চলছিল, বাইডেনের সঙ্গে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের দূরত্ব ক্রমেই বাড়ছে। তবে সেই জল্পনা উড়িয়ে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জানান, আগামী তথা ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও কমিলা হ্যারিসই তার রানিং মেট হবেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension