প্রধান খবরযুক্তরাষ্ট্র

এবছর যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত হয়েছেন হাজারের বেশি ভারতীয়

চলতি বছর জানুয়ারি থেকে এক হাজারের বেশি ভারতীয় নাগরিক যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত হয়েছেন বা দেশে ফিরে গেছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বিস্তারিত আর কোনও তথ্য না দিয়ে বলেছেন, এই ভারতীয় নাগরিকদের প্রায় ৬২ শতাংশ বাণিজ্যিক ফ্লাইটে এসেছেন।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অবৈধ অভিবাসী বিতাড়ন অভিযানের আওতায় এই ভারতীয়দেরকে নিজ দেশে ফিরিয়ে দেওয়া হয়েছে। ট্রাম্প এর আগে বলেছিলেন, অবৈধ অভিবাসীদের বিতাড়নে ‘যা করা সঠিক তা ভারত করবে।’

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র একটি সামরিক ফ্লাইটে করে শতাধিক ভারতীয়কে দেশে ফেরত পাঠায়। তাদের মধ্যে কয়েকজনকে শিকলে বেঁধে নিয়ে যাওয়া হয় বলে খবর পাওয়া গিয়েছিল।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জয়সওয়াল সাপ্তাহিক এক ব্রিফিংয়ে বলেন, অভিবাসন সংক্রান্ত বিষয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে। অবৈধ অভিবাসীদের ফিরিয়ে নেওয়ার আগে ভারত তাদের জাতীয়তা যাচাই করে।

বিবিসি জানায়, যুক্তরাষ্ট্র প্রায় ১৮ হাজার ভারতীয় নাগরিককে চিহ্নিত করেছে বলে জানিয়েছে। এরা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে বলে ধারণা করা হয়।

চলতি মাসের শুরুতে ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস সতর্কতা জারি করে যে, যুক্তরাষ্ট্রে অতিরিক্ত সময় অবস্থান করলে সেদেশ থেকে বিতাড়িত হওয়া বা দেশটিতে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা জারি হতে পারে। এমনকি যারা বৈধভাবে প্রবেশ করেছেন তাদের জন্যও এটি প্রযোজ্য হতে পারে।

জয়সওয়াল ট্রাম্প প্রশাসনের ‘স্টুডেন্ট ভিসার’ বিষয়ে হালনাগাদ নীতি নিয়েও কথা বলেন। এই নীতি যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হওয়ার পরিকল্পনা করা ভারতীয় শিক্ষার্থীদের ওপর প্রভাব ফেলতে পারে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension