
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় মনোনয়নপত্র বিক্রি নিয়ে শুক্রবার থেকে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় সরগরম। হাজারও নেতাকর্মীর পদচারণায় সকাল থেকে রাত পর্যন্ত উৎসবের আমেজ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে।এখন পর্যন্ত তিন হাজার দুশ’টিরও বেশি মনোনয়নপত্র বিক্রি হয়েছে বলে জানা গেছে।
রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখ ছাড়াও শোবিজ অঙ্গনের অনেক তারকা শিল্পী সংসদ নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী।
বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচন করতে এরইমধ্যে ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের সাড়া জাগানো নায়িকা এবং সাবেক সাংসদ সারা বেগম কবরী ঢাকা-১৭ আসনের জন্য মনোনয়নপত্র কিনেছেন। কবরী নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা)আসনের এমপি ছিলেন। কিন্তু ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে তিনি মনোনয়ন পান নি।এবার মনোনয়ন পাওয়ার দৃঢ় আশা নিয়ে তিনি মনোনয়নপত্র কিনেছেন।
সংরক্ষিত মহিলা আসনের এমপি ও বর্তমান তথ্য প্রতিমন্ত্রী এডভোকেট তারানা হালিম মনোনয়নপত্র কিনেছেন টাঙ্গাইল-৬ (দেলদুয়ার ও নাগরপুর)আসনের জন্য। তিনি এবার আর সিলেকশন নয়,ইলেকশনের মাধ্যমে এমপি হতে চান।
একসময়ের পর্দা কাঁপানো নায়ক শাকিল খান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাগেরহাট-৩ আসনের জন্য। ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান টাঙ্গাইল-১ আসন থেকে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র কিনেছেন। কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক ও অভিনেত্রী রোকেয়া প্রাচী ফেনী-৩ আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রথমদিনই। অভিনেত্রী শমী কায়সারও ফেনী-৩ আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে,আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহের অপেক্ষায় আছেন চিত্রনায়ক ফারুক,ফেরদৌস, রিয়াজ ও সঙ্গীতশিল্পী মমতাজ বেগম।ফেরদৌস যশোর-৩, রিয়াজ যশোর-৪,ফারুক গাজীপুরের একটি আসনে ও মমতাজ বেগম মানিকগঞ্জ সদর আসনের প্রার্থী হতে চান।
এ প্রসঙ্গে চিত্রনায়ক ফেরদৌস ও রিয়াজের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেছেন,তারা এখনও মনোনয়নপত্র সংগ্রহের কথা ভাবছেন না। জাতীয় সংসদ নির্বাচন করার ইচ্ছাও আপাতত তাদের নেই। ভবিষ্যতে ইচ্ছা হলে তারা সবাইকে জানিয়েই নির্বাচন করবেন।
জানা গেছে, শোবিজ অঙ্গনের আরও অনেকের মনোনয়নপত্র কেনার সম্ভাবনা রয়েছে। যার অধিকাংশই নির্বাচনে নৌকার মাঝি হতে আগ্রহী।
উল্লেখ্য, গত ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষণা অনুযায়ী ভোট অনুষ্ঠিত হবে আগামী ২৩ ডিসেম্বর। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ১৯ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ২২ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ নভেম্বর। জাতীয় সংসদ নির্বাচনে এবার ভোটার ১০ কোটি ৪১ লাখ ৯০ হাজার ৪৮০ জন।



