অর্থনীতি ও বাণিজ্যবাংলাদেশ

এবারের বাজেটে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সুখবর আসছে

বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে দেশের ক্ষুদ্র ব্যবসায়ীরা বিপদে রয়েছে। করোনা পরবর্তী বড় ব্যবসায়ীরা ঘুরে দাঁড়ালেও ছোটদের বেশিরভাগের অবস্থারই খুব একটা উন্নতি হয়নি। উচ্চহারে ভ্যাট, মূলধন সংকটসহ নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছে তারা।

এই পরিস্থিতিতে ছোট ব্যবসায়ীদের স্বস্তি দিতে ২০২২-২৩ অর্থবছরের বাজেটে সুখবর দিতে পারেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ক্ষুদ্র পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের ওপর মূল্য সংযোজন করের চাপ কমানো হচ্ছে।

বর্তমানে খুচরা ও পাইকারি পর্যায়ে মূল্য সংযোজন কর বা ভ্যাটের হার ৫ শতাংশ। এ খাতে যে পরিমাণ বিক্রি বা লেনদেন হয় তার বিপরীতে উল্লেখিত হারে ভ্যাট দিতে হয়।

অর্থ মন্ত্রণালয় ও রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নতুন বাজেটে এই হার কমিয়ে দেড় শতাংশ নির্ধারণ করা হতে পারে।

প্রস্তাবিত হার কার্যকর করা হলে খুচরা ও পাইকারি ব্যবসা খাতে করের চাপ কমবে এবং পণ্য ও সেবা সস্তা হবে। এতে উপকৃত হবেন ভোক্তা।

ক্ষুদ্র ব্যবসায়ীরা মনে করেন, পাঁচ শতাংশ ভ্যাট তাদের জন্য অনেক বেশি। এই হারে ভ্যাট দিতে হলে তাদের ব্যবসায় কমপক্ষে ৩৩ শতাংশ ‘মূল্য সংযোজন’ করতে হয়।

কিন্তু বর্তমান বাস্তবতায় এ খাতে সর্বোচ্চ ১০ থেকে ১৫ শতাংশ মূল্য সংযোজন হয়। কাজেই, নিট বা প্রকৃত মূল্য সংযোজন যা হয়, তার উপর ভিত্তি করেই এ খাত থেকে ভ্যাট আদায় করা উচিত।

নিয়ম অনুযায়ী, যে কোনো ব্যবসায় যে পরিমাণ ‘মূল্য সংযোজন’ হয়, তার উপর ভিত্তি করে প্রযোজ্য হারে ভ্যাট আদায় করে সরকার। মাসিক রিটার্নের সময় এই ভ্যাট পরিশোধ করা হয়।

এনবিআরের সাবেক সদস্য রেজাউল হাসান নিউজবাংলাকে বলেন, ‘ছোট ব্যবসায়ীদের মূল সমস্যা হচ্ছে তারা যে লেনদেন করে থাকে, তার জন্য কোনো হিসাব সংরক্ষণ করে না। যে কারণে সরকার থেকে রেয়াত বা ভ্যাট ফেরত পায় না। যদি এটা করা সম্ভব হতো তা হলে ভ্যাটের চাপ কমে যেত।’

তিনি বলেন, ‘এ খাত থেকে ভ্যাট আদায় বাড়াতে হলে যোগ্য সব ব্যবসা প্রতিষ্ঠানকে আওতায় এনে অটোমেশন করতে হবে। তা হলে আদায় বর্তমানের চেয়ে বহুগুণ বাড়বে।’

তবে কাজটি অত্যন্ত জটিল বলে মনে করেন তিনি।

খুচরা ও পাইকারি ব্যবসা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে এ খাতের অংশ চলতি মূল্যে সাড়ে পাঁচ লাখ কোটি টাকা, যা শতকরা হারে ১৫ শতাংশ।

জিডিপির প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে পাঁচটি খাত প্রধান চালিকাশক্তি। এর মধ্যে খুচরা ও পাইকারি ব্যবসা অন্যতম। উৎপাদন বা ম্যানুফ্যাকচারিং খাতের পরই এ খাতের অবস্থান।

এ খাতে বিপুল পরিমাণ ভ্যাট আহরণের সম্ভাবনা থাকলেও বাস্তবতা হচ্ছে নামমাত্র ভ্যাট আসে। বছর শেষে বর্তমানে এ খাত থেকে সরকারি কোষাগারে জমা পড়ে দেড় হাজার কোটি টাকা। অথচ আদায়ের সম্ভাবনা আছে ৫০ হাজার কোটি টাকা।

এনবিআরের তথ্যানুযায়ী, খুচরা ও পাইকারি ব্যবসায় আদায়যোগ্য ভ্যাটের ৯০ শতাংশই ফাঁকি হয়।

এর প্রধান কারণ দুটি বলে মনে করেন বিশেষজ্ঞরা। প্রথমত বেশির ভাগ প্রতিষ্ঠানই আওতার বাইরে। দ্বিতীয়ত, অটোমেশন না করা।

বাংলাদেশ দোকান মালিক সমিতির তথ্যানুযায়ী, সারা দেশে প্রায় ৪০ লাখ ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান আছে। এনবিআর বলেছে, এখন পর্যন্ত দুই লাখ প্রতিষ্ঠান ভ্যাট নিবন্ধন নিয়েছে।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, ‘২০১৯ সালের ভ্যাট আইন অনুযায়ী ভোক্তার কাছ থেকে সরাসরি ভ্যাট আহরণ করবে খুচরা ও পাইকারি প্রতিষ্ঠান। এ জন্য ব্যবসা প্রতিষ্ঠানে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস বা ইএফডি যন্ত্র বসানোর কথা। তবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এখন পর্যন্ত অল্পসংখ্যক প্রতিষ্ঠানে তা স্থাপন করতে পেরেছে। ফলে ভ্যাট আদায় নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে ব্যবসায়ীদের।

‘যতদিন পর্যন্ত রাজস্ব বোর্ড সব দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে ইএফডি মেশিন স্থাপন করতে না পারে, তত দিন পর্যন্ত খুচরা ও পাইকারি থেকে ভ্যাট আদায় বাড়বে না।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension