
ওয়াগনার বাহিনীর কাছে অস্ত্র বিক্রি উ.কোরিয়ার, দাবি যুক্তরাষ্ট্রের
উত্তর কোরিয়া ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়ার ওয়াগনার বাহিনীর কাছে ক্ষেপণাস্ত্র ও রকেট বিক্রি করেছে বলে অভিযোগ করছে যুক্তরাষ্ট্র। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হচ্ছে, ওয়াগনার বাহিনীর কাছে এ অস্ত্র সরবরাহ করায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করা হয়েছে। এর ফলে ওয়াগনার বাহিনীর বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে। তবে যুক্তরাষ্ট্রের এ অভিযোগ অস্বীকার করেছে উত্তর কোরিয়া ও ওয়াগনার বাহিনী।
বিবিসি বলছে, ওয়াগনার বাহিনী সম্প্রতি সিরিয়া ও আফ্রিকার দেশগুলোতে সক্রিয় হয়েছে। এ বাহিনীকে যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বারবার অভিযুক্ত করা হয়েছে।
হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তাবিষয়ক মুখপাত্র জন কিরবি বলেছেন, ‘ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানে সহায়তার জন্য বিশ্বজুড়ে অস্ত্র সরবরাহকারীদের সন্ধান করছে ওয়াগনার বাহিনী।’
তিনি বলেন, ‘আমরা নিশ্চিতভাবে বলতে পারি, উত্তর কোরিয়া ওয়াগনার বাহিনীর কাছে প্রাথমিকভাবে অস্ত্র সরবরাহ সম্পন্ন করেছে। এসব অস্ত্রের জন্য অর্থ দিয়েছে বাহিনীটি।’



