
করোনা থেকে রক্ষায় ছাগলের মুখে মাস্ক
করোনাভাইরাস শনাক্ত হয়েছে পশুদের শরীরেও। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রঙ্কস চিড়িয়াখানায় একটি বাঘ করোনায় সংক্রমিত হয়েছে। হংকংয়ে করোনায় আক্রান্ত হয়েছে একটি কুকুর।
ভারতের তেলেঙ্গানার এক ছাগল পালনকারী করোনা আক্রান্তের ভয়ে ভীত। তিনি তার ছাগলগুলোকে করোনা থেকে বাঁচাতে মুখে মাস্ক পড়িয়ে দিয়েছেন।
রাজ্যটির খাম্মাম জেলার কাল্লুর মন্ডল এলাকার বাসিন্দা ভেঙ্কটেশ্বরা রাও বলেন, ‘আমার বিশটি ছাগল আর এগুলোর ওপরই আমার পরিবারের আয় নির্ভর করে। কারণ আমার কোন নিজস্ব চাষের জমি নেই। করোনাভাইরাসের খবর জানতে পেরে আমি যখনই বাড়ির বাইরে যাই আমি মাস্ক ব্যবহার করি।’
রাও আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রে বাঘের শরীরে করোনার উপস্থিতির খবর পাওয়ার পর আমি আমার ছাগলগুলোর মুখেও মাস্ক পড়িয়ে দিয়েছি। যেহেতু আমি নিজেও মাস্ক পড়েছি, তাই জঙ্গলে ছাগল চড়াতে গেলে তাদের মুখেও মাস্ক লাগিয়ে দিই।’ ◉
তেলেঙ্গানা টুডে



