প্রধান খবরবাংলাদেশ

কাদেরের প্রস্তাবকে নাকচ করে দিয়েছে শেখ হাসিনা

রূপসী বাংলা ঢাকা ডেস্কঃ দেশের নির্মাণাধীন দীর্ঘতম পদ্মা সেতুর নামকরণ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে করার প্রস্তাব দিয়েছেন সেতু মন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কিন্তু তার প্রস্তাবকে নাকচ করে দিয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, ‘আমি নাম চাই না। মানুষের জন্য করেছি। বিশ্বব্যাংক অর্থ বরাদ্দ বাতিল করেছে। তারপরেও আমি এই সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছি। অনেক ষড়যন্ত্র মোকাবিলা করে অনেক কষ্ট করে, দেশীয় অর্থায়নে পদ্মা সেতু করছি নিজের নামের জন্য নয়। এই সেতু হবে দেশের মানুষের জন্য।’

জাতিসংঘের সাধারণ পরিষদের অনুষ্ঠানে যোগদান শেষে সোমবার (১ অক্টোবর) সকালে দেশে ফেরেন প্রধানমন্ত্রী।

দেশে ফেরার পর গণভবনে ওবায়দুল কাদের পদ্মা সেতুর নাম ‘শেখ হাসিনা সেতু’ হবে- এমন প্রস্তাব করলে প্রধানমন্ত্রী বলেন, ‘না, পদ্মা সেতুর নাম পদ্মা সেতুই হবে।’

ওই বৈঠকে উপস্থিত আওয়ামী কার্যনির্বাহী পরিষদের একজন সদস্য রূপসী বাংলাকে বলেন, ‘ প্রধানমন্ত্রী আনঅফিসিয়ালি কথা বলছিলেন। তখন তার নামে পদ্মাসেতু করার প্রস্তাব দেন দলের একজন শীর্ষ নেতা। তার এই বক্তব্যে খুশি হননি শেখ হাসিনা। এই কথা সামনে আনায় তিনি অসন্তোষও জানিয়েছেন।’

‘প্রধানমন্ত্রী আমাদেরকে বলেছেন, পদ্মা সেতু করব বলছি, পদ্মা সেতুই হবে। কিন্তু সেতুর নাম শেখ হাসিনা সেতু হবে না। এটা পদ্মা সেতুই হবে।’

উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর দুপুরে শরীয়তপুরের সিনোহাইড্রোর জাজিরা ঘাট এলাকায় পদ্মা সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন গিয়ে পদ্মা সেতুর নাম ‘শেখ হাসিনা পদ্মা সেতু’ নামে করা হবে বলে সাংবাদিকদের জানিয়েছিলেন ওবায়দুল কাদের।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension