
সিনহার বিরুদ্ধে নাজমুল হুদার ‘দুর্নীতির মামলা’
রূপসী বাংলা ঢাকা ডেস্কঃ সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়েছে। বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্সের (বিএনএ) চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা বাদী হয়ে মামলাটি করেছেন।
গত ২৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার রাতে শাহবাগ থানায় মামলাটি করা হয়। মামলা নং-৪৯।
মামলায় সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে।
১ অক্টোবর, সোমবার মামলার বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান রূপসী বাংলাকে বলেন, ‘সাবেক বিচারপতি এসকে সিনহা নাজমুল হুদার কাছে চাঁদা দাবি করছিলেন। সেই ঘটনা উল্লেখ করে এবং এসকে সিনহার দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করার অভিযােগে নাজমুল হুদা একটি মামলা করেছেন। মামলাটি তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে পাঠানো হয়েছে।’
অভিযোগ উঠেছে, যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে ছোট ভাই অনন্ত কুমার সিনহার নামে প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা মূল্যের একটি বাড়ি কিনেছেন এসকে সিনহা। প্রায় চার হাজার স্কয়ার ফুটের বাড়িটির বাসিন্দা এসকে সিনহা নিজেই। পাশাপাশি এসকে সিনহার ছোট ভাই অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অবৈধ অর্থের মাধ্যমে বাড়ি কেনা ও অর্থপাচারের অভিযোগ খতিয়ে দেখতে অনুসন্ধান শুরু করেছে দুদক।
এসব অভিযােগের রেশ কাটতে না কাটতেই সাবেক এই বিচারপতির বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করলেন বিএনপির সাবেক মন্ত্রী নাজমুল হুদা।



