বাংলাদেশশিক্ষা

কাল থেকে প্রাথমিকে প্রতিদিন ক্লাস

করোনা মহামারির মধ্যে দ্বিতীয় দফায় বন্ধ থাকার পর আগামীকাল বুধবার (২ মার্চ) প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস শুরু হচ্ছে। সপ্তাহে ছয়দিনই ক্লাস হবে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১ মার্চ) অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, ‘করোনা সংক্রমণ কমে যাওয়ায় প্রাথমিকের শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাস হবে। শিক্ষার্থীরা যেন স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করতে পারে, সেজন্য শিক্ষার্থীরা দুইটি শিফটে ক্লাসে আসবে।’

উল্লেখ্য, করোনা মহামারি শুরু হওয়ার পর ২০২০ সালের মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছিল সরকার। দেড় বছর বন্ধ থাকার পর গত বছরের ১২ সেপ্টেম্বর সব স্কুল-কলেজ খুলে দেওয়া হয়। তখন প্রাথমিকে শুধু পঞ্চম শ্রেণির ক্লাস ছয় দিন চলছিল, বাকি শ্রেণিগুলোর শিক্ষার্থীরা স্কুলে যাচ্ছিল সপ্তাহে এক দিন।

পরে ২ অক্টোবর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাস সপ্তাহে দুই দিন করা হয়। এরপর সংক্রমণ ফের বাড়তে শুরু করলে গত ২১ জানুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় বন্ধ করা হয়। এরপর ২২ ফেব্রুয়ারি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হয়। আর ১ মার্চ থেকে প্রাথমিক বিদ্যালয় খোলার ঘোষণা দেওয়া হয়। তবে শবে মেরাজের কারণে মঙ্গলবার (১ মার্চ) শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকায় বুধবার থেকেই খুলছে প্রাথমিক বিদ্যালয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension