
কিমের প্রেমে হাবুডুবু খাচ্ছেন ট্রাম্প
রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্কঃ প্রেম হয় এক জোড়া তরুণ তরুণীর মধ্যে। তারা একে অন্যকে চিঠি পাঠায় ম্যাসেজ লেখে। আরও কত না ঘটনা হয় এই ভালোবাসা নিয়ে। কিন্তু বুড়ো বয়সে প্রেমে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এ কথা প্রকাশ্যে স্বীকারও করেছেন। তিনি বলেছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রেমে হাবুডুবু খাচ্ছেন তিনি। রবিবার ওয়েস্ট ক্যারোলিনা অঙ্গরাজ্যে এক জনসভায় ভাষণ দেয়ার সময় এ কথা বলেন তিনি।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, কিমের পাঠানো সুন্দর সুন্দর চিঠির কারণে আমি তার প্রেমে পড়েছি।
রবিবার অঙ্গরাজ্যের হিলিংয়ের ওয়েসেবানকো এরিনাতে হাজার হাজার দর্শকের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন ট্রাম্প। এ সময় তিনি বলেন, ‘আমি ছিলাম অনমনীয়, তিনিও তাই। আমরা বাক্য চালাচালি করছিলাম। তারপর আমরা ভালোবাসার মধ্যে পড়ে গেলাম, ঠিক আছে? না, সত্যিই, তিনি আমাকে সুন্দর চিঠি লিখেছেন এবং সেগুলো ছিল আসলেই মহান।’
ট্রাম্প এমন এক সময়ে কিমের প্রশংসা করে এসব বললেন যখন তারা আরো একটি বৈঠকে মিলিত হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে দ্বিতীয় এই বৈঠকটি কবে ও কোথায় অনুষ্ঠিত হবে তা এখনও ঘোষণা করা হয়নি।
এর আগে গত জুনে সিঙ্গাপুরে কিমের সঙ্গে প্রথমবারের মত বৈঠক করেছিলেন ট্রাম্প। যদিও ওই বৈঠক থেকে উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রিকরণের ওপর উল্লেখযোগ্য কোনো ঘোষণা আসেনি।
সূত্র: সিএনএন



